নালিতাবাড়ীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী পানিহাতা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো পানিহাতা দক্ষিণপাড়া গ্রামের আসমত আলীর ছেলে মাসুম (২) ও আলী আকবরের ছেলে রাব্বী (৩)। মাসুম ও রাব্বী পরস্পরের চাচাতো ভাই।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাসুম ও রাব্বী আজ বিকেলে বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়িসংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়।

অনেকক্ষণ তাদের দেখতে না পেলে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে একজনের লাশ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরে পুকুরে নেমে অপর শিশুর লাশ পাওয়া যায়।

পরিবারের সদস্যরা ওই দুই শিশুকে বিকেল সাড়ে চারটার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল জুব্বার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।