নিখোঁজের ৩ দিন পর গর্তে মিলল ব্যবসায়ীর লাশ, গ্রেপ্তার ৬

লাশ
 প্রতীকী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশে গর্তে পাওয়া গেছে এক ব্যবসায়ীর লাশ। মঙ্গলবার রাতে কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় নিহত যুবকের চাচাতো ভাইসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া লাশটি আবদুল মনাফ (৩২) নামের এক ব্যবসায়ীর। তাঁর বাড়ি উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামে। পৌর শহরের উত্তর বাজার এলাকায় ‘মনাফ টেলিকম’ নামের একটি দোকান আছে তাঁর।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই নিহত আবদুল মনাফের ভাই আজির উদ্দিন বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেন। সেই মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল মনাফের চাচাতো ভাই শাহিনুর (৪০), তাঁর সহযোগী আতিকুর রহমান (৫০), ফজলু মিয়া (৪৫), ফয়াজ আহমদ (২২), সামছুদ্দিন (৪২) ও জাহাঙ্গীর আলম (২৩)। মামলার অপর আসামি সামছুর রহমান পলাতক।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আবদুল মনাফের পরিবারের সঙ্গে জমি নিয়ে চাচাতো ভাই শাহিনুর রহমান‌ের পরিবারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। ১২ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে মনাফ নিখোঁজ হন। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করে তাঁকে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত তাঁর লাশ উদ্ধার হলো।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, জমি নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মনাফের লাশ মৌলভীবাজার জেলার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।