
জয়পুরহাটের পাঁচবিবিতে নিখোঁজের এক দিন পর মুরগির খামারের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পায়ে বৈদ্যুতিক তার জড়ানো ছিল।
আজ রোববার সকাল নয়টার দিকে উপজেলার ভীমপুর গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
নিহত ব্যক্তির নাম হাসানুজ্জামান (২৮)। তিনি ভীমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
বাগজানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হোসেন প্রথম আলোকে বলেন, হাসানুজ্জামান ভীমপুর গ্রামে নুরুজ্জামানের মুরগির খামারে কাজ করতেন। গতকাল শনিবার বেলা দুইটার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নাজমুল হোসেন আরও বলেন, খামারের মালিক ওই দিন সন্ধ্যায় হাসানুজ্জামানদের বাড়িতে গিয়েও তাঁর খোঁজ পাননি। এরপর তিনি হাসানুজ্জামানকে মুরগির খামারে না পাওয়ার বিষয়টি স্বজনদের জানান। আজ সকাল আটটার দিকে দুজন নারী খামারের পাশের একটি পুকুরে লাশ দেখতে পেয়ে গ্রামের লোকজনকে খবর দেন।
খামারের মালিক নুরুজ্জামান বলেন, হাসানুজ্জামান শনিবার সকালে খামারে কাজ করেছেন। বেলা দুইটার পর খামারে এসে তাঁকে দেখতে পাননি তিনি।
পাঁচবিবি সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ইশতিয়াক আহাম্মদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।