নিখোঁজের তিন ঘণ্টা পর ভুট্টাখেতে মিলল শিশুর বস্তাবন্দী লাশ

শিশুর লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নাটোরে নিখোঁজের তিন ঘণ্টা পর ভুট্টাখেত থেকে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে জেলার গুরুদাসপুর উপজেলার সাবগাড়ি এলাকা থেকে গলাকাটা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ওই শিশুর নাম মুহিবুল্লাহ (৬)। সে সিংড়া উপজেলার গোটিয়া মহিষমারি গ্রামের পল্লি চিকিৎসক ইসাহক আলীর ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মুহিবুল্লাহ প্রায় এক মাস আগে মায়ের সঙ্গে গুরুদাসপুর উপজেলার সাবগাড়ি এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সে মুঠোফোনে কার্টুন দেখতে দেখতে নানার বাড়ির বাইরে যায়। এর পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

রাত পৌনে ৯টার দিকে স্থানীয় লোকজন বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ভুট্টাখেতে বস্তাবন্দী অবস্থায় একটি মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে বস্তা খুলে গলাকাটা অবস্থায় মুহিবুল্লার মৃতদেহ দেখতে পায়। তাকে কে বা কারা কেন হত্যা করেছে, তা কেউ বলতে পারেনি।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ হত্যাকারীকে শনাক্ত করার জন্য মাঠে নেমেছে। যত দ্রুত সম্ভব হত্যাকারীকে খুঁজে বের করা হবে। আজ শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।