নিখোঁজের ৫ দিন পর মেঘনা নদীতে মিলল কিশোরের লাশ

নিখোঁজ কিশোরের লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। রোববার বেলা দেড়টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরারচর এলাকায়
 ছবি: প্রথম আলো

নরসিংদীর রায়পুরা উপজেলায় স্কুলের মধ্যবিরতির সময় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ কিশোরের লাশ পাওয়া গেছে মেঘনা নদীতে। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরারচর এলাকার মাদ্রাসাসংলগ্ন মেঘনা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম মো. আবির ইসলাম (১৬)। সে রায়পুরা পৌর এলাকার সিরাজনগর পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা একটার দিকে স্কুলের মধ্যবিরতির সময় আবির ও তাঁর কয়েকজন বন্ধু মেঘনা নদীর পান্থশালা ঘাটে ঘুরতে যায়। সেখানে বন্ধুরা গোসল করতে নামলেও সাঁতার না জানায় আবির নামেনি। ঘাটে একটি সিঁড়িতে বসে বন্ধুদের গোসল করা দেখছিল সে। একপর্যায়ে কিছুটা নেমে হাত–মুখ ধোঁয়ার জন্য উবু হয়। এ সময় সে সিঁড়িতে পিছলে নদীতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রায়পুরা থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু তাঁর সন্ধান মেলেনি। ঢাকা থেকে আসা ডুবুরি দলও তাঁর হদিস পায়নি। আজ দুপুরে স্থানীয় লোকজন শ্রীনগর ইউনিয়নের ফকিরারচর এলাকার মাদ্রাসাসংলগ্ন মেঘনা নদীতে কচুরিপানায় আটকে থাকা লাশ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে রায়পুরা থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে কিশোরের মামা কাজী জামাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আবিরের লাশ শনাক্ত করেন।

রায়পুরা থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান বলেন, নদীতে তীব্র স্রোত ছিল।

আবিরের লাশ পান্থশালা থেকে আধা কিলোমিটার দূরে ফকিরারচর এলাকায় চলে যায়।

উদ্ধারের পর স্বজনেরা এসে আবিরের লাশ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।