
শনিবার বিকেল সাড়ে পাঁচটা। গেঞ্জি পরে রাস্তার পাশে কিছু সবজি নিয়ে বসে আছেন ভাসমান সবজিবিক্রেতা সুবোধ দাস (৫৫)। ক্রেতার অপেক্ষায় তাঁর চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ। ধারদেনা করে বিভিন্ন রকমের সবজি কিনে এনে তিনি বিক্রির জন্য রাস্তার পাশে বসেছেন। কিন্তু তাঁর সব দুশ্চিন্তা প্রাত্যহিক জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়া নিয়ে।
তেল, আটা, ডিম, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সুবোধ দাস। বাসাভাড়া আর সাংসারিক খরচ মেটাতে নিত্যকার সংগ্রামের মধ্যে ভাতের সঙ্গে তরকারি হিসেবে মাছ-মাংস খাওয়া তাঁর কাছে একধরনের বিলাসিতা। তবু হার মানেন না তিনি, দিন কাটিয়ে দেন কোনো রকমে।
সুবোধ ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা। স্ত্রী ও দুই ছেলে নিয়ে শহরে ভাড়া একটি বাসায় থাকেন তিনি। তাঁর গ্রামের বাড়ি বিজয়নগর উপজেলার সাতবর্গে। কিন্তু ২৬ বছর ধরে তিনি জেলা শহরে বসবাস করছেন তাঁরা। বাসায় স্ত্রী শিপ্রা দাস, ছেলে প্রদীপ দাস (২৩) ও সুজন দাস (১৮) আছেন। প্রদীপ রংমিস্ত্রির কাজ করেন, সুজন জুতার দোকানে কাজ করেন। সুবোধ আগে রিকশা চালাতেন। কিন্তু শ্বাসকষ্ট, হৃদ্রোগ ও চোখের সমস্যার কারণে সেটি ছেড়ে দিয়েছেন। গত ঈদুল ফিতরের পর থেকে শহরের আনন্দবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে সবজি কিনে রাস্তার পাশে বসে বিক্রি করেন তিনি।
শনিবার বিকেলে শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাইস্কুলের সামনের সড়কে কথা হয় সুবোধের সঙ্গে। তাঁর সামনে আলু, ঢ্যাঁড়স, ঝিঙে, পটল, ধনেপাতা, মরিচ, করলা ও লেবু ছিল। সব কটিই পরিমাণে অল্প। তিনি প্রথম আলোকে বলেন, শহরের আনন্দবাজারের এক ব্যবসায়ী থেকে গত শুক্রবার বাকিতে ২ হাজার ৪০০ টাকার বিভিন্ন রকমের সবজি কিনেছেন। এসব বিক্রি করে পাওনা টাকা পরিশোধ করবেন। তবে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাত্র ৫০০-৬০০ টাকার সবজি বিক্রি করতে পেরেছেন তিনি।
সুবোধ দাস বলেন, ‘দিনের সবজি দিনে দিনে বিক্রি করতে পারি না। বেশি বিক্রি হলে ২০০ থেকে ৪০০ টাকা হাতে থাকে। বিক্রি কম হলে ১০০ থেকে ১৫০ টাকা থাকে। সংসার চালাতে কষ্ট হয়। তার ওপর বারো মাসই বিভিন্ন ওষুধ কিনতে হয়। আছে বাসাভাড়ার দুশ্চিন্তা। কোনো রকম চলছে দিন। অসুস্থ হলে হাসপাতালে গেলেই তিন-চার দিন থাকতে হয়। দেড় থেকে দুই হাজার টাকা খরচ। আয়-রোজগারও বন্ধ থাকে।’