
ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করার লক্ষ্যে ১২ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দিয়েছে বরিশাল নৌযাত্রী ঐক্য পরিষদ। আজ সোমবার সকালে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা। বেলা ১১টার দিকে সংগঠনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদের নেতৃত্বে নেতারা জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) শহীদুল ইসলামের হাতে স্মারকলিপিটি তুলে দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে দক্ষিণাঞ্চলের অনেক মানুষ, যাঁরা দেশের বিভিন্ন জেলায় কর্মরত, তাঁরা অধিকাংশই ঈদে বাড়ি ফেরেননি। চলতি বছর করোনার প্রকোপ না থাকায় এবং ঈদে সপ্তাহব্যাপী ছুটি থাকায় মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে গ্রামে ফিরবেন। কিন্তু প্রতিবছর ঈদুল ফিতরসহ বড় ছুটির সময় প্রতিটি নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন ও নিয়মিত ভাড়ার পরিবর্তে অতিরিক্ত ভাড়া আদায় করা নিয়মে পরিণত হয়েছে। পাশাপাশি যাত্রীদের হয়রানি তো আছেই।
সংকট নিরসনে স্মারকলিপিতে ১২ দফা দাবি তুলে ধরা হয়। সংগঠনের নেতারা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। দাবিগুলো হলো রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও বিমানবন্দরের মতো নৌবন্দরের ইজারা প্রথা বাতিল করে টোল আদায় বন্ধ করা; নৌ পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া কার্যকর করা; নৌ পরিবহনে ভ্রমণকারী শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়া; ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ করা; প্রতিটি নৌযানে পর্যাপ্ত বয়া, লাইফ জ্যাকেটসহ সর্বোচ্চ যাত্রী নিরাপত্তা নিশ্চিত ও স্টাফদের অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া; দ্রুত নৌ পরিবহনে যাত্রী বিমা চালু করা; প্রতিটি লঞ্চের ইঞ্জিনরুমের পাশ থেকে খাবার হোটেল, ক্যানটিন সরিয়ে নেওয়া।
এ ছাড়া দক্ষ মাস্টার, সুকানি ও গিজার নিয়োগ দেওয়া এবং ফিটনেসবিহীন নৌযান বন্ধ করা; লঞ্চ স্টিমারের ক্যানটিন ও চায়ের দোকানে অতিরিক্ত দাম নেওয়া বন্ধ করা; নৌযান কর্মচারী ও ঘাটশ্রমিকদের দ্বারা যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া; নৌ ভ্রমণে যাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ যেকোনো ধরনের প্রতারণার দায় ও ক্ষয়ক্ষতি নৌ-কর্তৃপক্ষকে নেওয়ার ব্যবস্থা করা; ঢাকা-বরিশাল-খুলনা নৌপথে আগের মতো সপ্তাহে সাত দিন স্টিমার ও অত্যাধুনিক দ্রুতগতির নৌযান চালু করা।
১২ দফা দাবি বাস্তবায়নসহ আগামী পবিত্র ঈদুল ফিতর ও বর্ষা মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলের লাখো যাত্রী যাতে নিরাপদে যাতায়াত করতে পারে, সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নৌযাত্রী ঐক্য পরিষদের নেতারা।