সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আফজাল হোসেন নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার টিকরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন উপজেলার বাঘা ইউনিয়নের পূর্বগাঁও গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচনে প্রচারণার অংশ হিসেবে চেয়ারম্যান প্রার্থী শফিক উদ্দিনের ঘোড়া প্রতীকের পোস্টার লাগাতে গিয়ে আফজাল বিদ্যুতায়িত হন।
স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল রাতে বৃষ্টির মধ্যে পোস্টার লাগানোর জন্য একটি দেয়ালে উঠতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা-পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী প্রথম আলোকে বলেন, নিহত আফজালের ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হবে।