
ঢাকার উত্তরা থেকে ২০২১ সালের জুনে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তখন শ্বশুরবাড়ির লোকজন এ ঘটনাকে আত্মহত্যা বলে জানান। তাই বিশ্বাস করেছিল নুসরাত জাহান নামে ওই নারীর পরিবার। এখন তাঁরা বলছেন, নুসরাত আত্মহত্যা করেননি। যৌতুক দিতে না পারায় স্বামীর হাতে প্রাণ দিতে হয়েছে তাঁকে।
এ ঘটনায় নুসরাতের স্বামী দেওয়ান কাউসারের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। এ মামলায় তাঁকে গ্রেপ্তারের পাশাপাশি দ্রুত আদালতে এ লাশের ময়নাতদন্তের প্রতিবেদন জমা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছে নিহত ব্যক্তির পরিবার।
এসব দাবি করে আজ বুধবার সকালে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশন সড়কে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করা করেন নুসরাতের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নুসরাতের বড় বোন সুরাইয়া চন্দনা।
সংবাদ সম্মেলন থেকে জানা যায়, নুসরাত জাহানের বাবার নাম শেখ নুরুন্নবী। বাড়ি বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়নের দুলজান গ্রামে। শেখ নুরুন্নবীর আট সন্তান। নুসরাত ছিলেন ষষ্ঠ। বড় বোন সুরাইয়া যুক্তরাষ্ট্রপ্রবাসী। সেই সুবাদে নুরুন্নবীও যুক্তরাষ্ট্রে চলে যান। ২০২০ সালের ২০ জুলাই সেখানেই তিনি মারা যান। আর নুসরাতের স্বামী দেওয়ান কাউসারের বাড়ি একই জেলার অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামে। তিনি পেশায় ব্যাংকার। বর্তমানে কর্মরত আছেন নারায়ণগঞ্জের চাষাঢ়ায়।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১০ সালের শুরুর দিকে নুসরাত জাহানের সঙ্গে কাউসার আহমেদে প্রেমের সম্পর্ক হয় এবং ওই বছরই পরিবারের অমতে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে নুসরাত অনেকটা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তবে বড় বোন সুরাইয়া চন্দনার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ছিল। বিয়ের পর থেকে নুসরাত থাকতেন ঢাকার উত্তরায়। কাউসার থাকতেন নারায়ণগঞ্জে। বিয়ের কয়েক বছর পর থেকে কাউসার যুক্তরাষ্ট্রে প্রবাসী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। স্ত্রীর বোনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা বলতেন। এরই মধ্যে কাউসার পরকীয়ায় জড়িয়ে পড়েন।
সুরাইয়া বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যবস্থা না হওয়ায় এবং পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন করতেন কাউসার। শেষে মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং কিছু টাকা নেনও। দিন দিন দাম্পত্যে বিরোধ বাড়ে। তাঁদের নয় বছর, ছয় বছর ও সাত মাস বয়সী সন্তান রয়েছে। এই অবস্থায় ২০২১ সালের ৯ জুন উত্তরার বাসা থেকে নুসরাতের মরদেহ উদ্ধার হয়। নুসরাতের মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। এই ঘটনায় ঢাকার উত্তরা পশ্চিম থানায় অপমৃত্যুর মামলা হয় এবং নুসরাতকে ময়নাতদন্ত ছাড়াই তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হয়।
এ ঘটনার খবর পেয়ে কিছুদিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সুরাইয়া। সংবাদ সম্মেলনে বলা হয়, লাশ দাফন করার পর থেকে পরিবারের সদস্যদের সন্দেহ বাড়ে যে নুসরাত আত্মহত্যা করেনি, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর সুরাইয়া চন্দনা বাদী হয়ে ঢাকার জজকোর্টে মামলার আবেদন করেন। সুরাইয়া চন্দনার অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১ ফেব্রুয়ারি কবর থেকে নুসরাতের লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করানো হয়।
সুরাইয়া বলেন, এরই মধ্যে ময়নাতদন্তের তিন মাস পেরিয়ে গেছে। কিন্তু এখনো প্রতিবেদন আদালতে জমা হয়নি। আসামিও প্রকাশ্যে ঘুরছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া ও কাউসারকে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। দুর্ঘটনার সময় ময়নাতদন্ত না করানোর কারণ জানতে চাইলে সুরাইয়া বলেন, তখন তিনি দেশে ছিলেন না। তা ছাড়া বিষয়টি ততটা স্পষ্ট হয়নি তাঁদের কাছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজী বলেন, ময়নাতদন্ত হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিবেদন পেতে বারবার চিঠি দেওয়া হচ্ছে। কিন্তু এখনো হাতে আসেনি। সে কারণে বিলম্ব হচ্ছে। আসামি গ্রেপ্তার না হওয়ার বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, অভিযোগের তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। সে কারণে অপেক্ষা করা হচ্ছে।
এ বিষয়ে চেষ্টা করেও নুসরাতের স্বামী দেওয়ান কাউসারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।