নেবুলাইজার মেশিনে লুকানো ছিল ১১টি সোনার পাত

আলী আহমেদের কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের পাত পাওয়া গেছে
ছবি: সংগৃহীত

সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচারের অভিযোগে দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকাল নয়টার দিকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক যাত্রীর নাম মো. আলী আহমেদ (৩৫)। তাঁর বাড়ি সিলেটের গোলাপগঞ্জের উজান মেহেরপুর গ্রামে। আলী আহমেদের কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের পাত পাওয়া যায়। এর দাম প্রায় ৮০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টম কর্তৃপক্ষ।

এ ঘটনায় কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনার সিলেট কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির ডেপুটি কমিশনার মো. আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় ওই যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি কার্টন থেকে নেবুলাইজার মেশিন পাওয়া যায়। ওই নেবুলাইজার মেশিনের ভেতর থেকে লুকানো অবস্থায় ১১টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলী আহমেদ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ সকাল সাতটায় সিলেট বিমানবন্দরে অবতরণ করেন। পরে তাঁকে তল্লাশি করে সকাল নয়টার দিকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।