
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করা একটি জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ চুরি করার সময় সাতজনকে আটক করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চুরি করার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ওই জাহাজের একজন মাস্টার, দুজন সুকানি ও একজন পাহারাদার রয়েছেন। আটক অপর তিনজন পেশাদার চোর। তাঁরা মিলেমিশে চুরির ঘটনা ঘটান বলে পুলিশ জানায়।
আটক ব্যক্তিরা হলেন জাহাজের মাস্টার আমিরুল ইসলাম (৫৫), সুকানি মো. রিয়াদ মল্লিক ওরফে সোহাগ (২০), সুকানি মো. রাকিব হোসাইন (২২), পাহারাদার মো. সাকের উল্লাহ (৩২), আজিজুল হক (২৮), আজিম উদ্দিন (২১) ও জামিল আক্তার (৪৩)।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করা জাহাজ এমভি টিটু ১৬ থেকে আমদানি করা স্ক্র্যাপ চুরি করছিলেন আটক ব্যক্তিরা। জাহাজের কর্মরত চারজনকে নিয়ে বাইরের তিনজন মিলে ওই চুরি করার সময় নৌ পুলিশের টহল দলের সামনে পড়েন।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম মিজানুর রহমান বলেন, টহল দলের নেতৃত্বে থাকা উপপরিদর্শক মিঠুন বালা ওই সাতজনকে আটক করেন। আটক সাতজনের বিরুদ্ধে মামলার পর কর্ণফুলী থানায় সোপর্দ করা হবে।