নোয়াখালীতে দুই সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

দুই সাংবাদিককে মুঠোফোনে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহাবুবুর রহমান ও স্থানীয় দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক রফিকুল আনোয়ারকে মুঠোফোনে সপরিবার হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদ ও হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে চ্যানেল টোয়েন্টিফোরের নোয়াখালী প্রতিনিধি সুমন ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, আলমগীর ইউসুফ, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, সাংবাদিক আবু নাছের মঞ্জু প্রমুখ।

বক্তারা সাংবাদিক মাহবুব ও রফিকুল আনোয়ারকে হত্যার হুমকিদাতাকে অনতিবিলম্বে গ্রেপ্তার ও নেপথ্যের ইন্ধনদাতাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান। এ সময় নোয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এদিকে জেলার সেনবাগ উপজেলায় একই দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। বৃহস্পতিবার দুপুরে সেনবাগ প্রেসক্লাবের মোড়ে আয়োজিত মানববন্ধনে সেখানে কর্মরত সাংবাদিকেরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁরাও দুই সাংবাদিককে হুমকিদাতাকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান।

উল্লেখ্য, বুধবার দুপুরে ০১৭৫৮-২৭১৯০৪ নম্বর থেকে দুই সাংবাদিককে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে সপরিবার হত্যার হুমকিও দেন ওই ব্যক্তি। এ বিষয়ে বুধবার সন্ধ্যার দিকে সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক মাহাবুবুর রহমান।