
পারিবারিক কলহের জেরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বড় দুই ভাই তাঁদের ছোট ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার ভাওরকোট গ্রামের ফকিরবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
ছুরিকাঘাতে মারা যান ছোট ভাই মো. ইলিয়াছ (৩০)। তিনি সোনাইমুড়ী উপজেলার নুর ইসলামের ছেলে। তাঁকে হত্যার অভিযোগে তাঁর বড় দুই ভাই শাহ আলম ও মো. সারোয়ার এবং ভাতিজা মো. শুভকে আটক করা হয়েছে। শুভ নিহত ইলিয়াছের বড় ভাই সারোয়ারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াছ চট্টগ্রামে ব্যবসা করতেন। ইলিয়াছের বাবা দুই বিয়ে করেছেন। ইলিয়াছরা তিন ভাই। তাঁর এক সৎমা ও সৎবোন রয়েছে। ইলিয়াছ তাঁর সৎমায়ের ভরণ-পোষণ বহন করতেন। বড় দুই ভাইয়ের পরিবারের সদস্যরা সৎমায়ের সঙ্গে কারণে-অকারণে খারাপ ব্যবহার করেন।
ইলিয়াছের পারিবারিক সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে আজ শুক্রবার জুমার নামাজের পর বড় ভাই শাহ আলম ও সারোয়ারের সঙ্গে ইলিয়াছের ঝগড়া হয়। একপর্যায়ে শাহ আলম ও সারোয়ার ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ইলিয়াছের ওপর হামলা চালান। এ সময় তাঁদের ছুরিকাঘাতে ও পিটুনিতে ইলিয়াছ আহত হন। পরে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ইলিয়াছকে হত্যার অভিযোগে তাঁর বড় দুই ভাই শাহ আলম ও মো. সারোয়ার এবং ভাতিজা মো. শুভকে আটক করা হয়েছে। ইলিয়াছের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। কাল শনিবার ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।