নোয়াখালীতে মন্দির থেকে রাধাগোবিন্দের দুটি মূর্তি চুরি

নোয়াখালী শহরের মাইজদী বাজারে শ্রীশ্রী রামচন্দ্র দেবের মন্দিরের রাধাগোবিন্দের দুটি মূর্তি চুরি হয়েছে। মন্দিরের সিসিটিভির ফুটেজে কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে মন্দিরে প্রবেশ করতে দেখা যায়
 ছবি: সংগৃহীত

নোয়াখালী শহরের মাইজদী বাজারে শ্রীশ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের রাধাগোবিন্দের দুটি মূর্তি চুরি হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আজ সোমবার সকালে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মন্দিরের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। তবে কে বা কারা মূর্তিটি চুরি করেছে, তা শনাক্ত করতে পারেনি পুলিশ।

মন্দিরের পুরোহিত রণজিৎ চক্রবর্তী বলেন, গতকাল রোববার পূজার সময় রাধাগোবিন্দের দুটি বিগ্রহ সিংহাসনে ছিল। সন্ধ্যায় সত্যনারায়ণ পূজার পর বিগ্রহগুলোকে শয়নকক্ষে রাখা হয়। আজ ভোর পাঁচটায় মন্দিরে প্রবেশ করে শয়নকক্ষের দরজা ভাঙা এবং রাধাগোবিন্দের আসন দুটি খালি পড়ে থাকতে দেখেন তিনি।

এ ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বাদী হয়ে আজ সুধারাম থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। তিনি বলেন, মন্দিরের সিসিটিভির ফুটেজে ভোরের দিকে কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে মন্দিরে প্রবেশ করতে দেখা যায়। তিনি মন্দিরের দরজা ভেঙে ভেতরে ঢুকে শয়নকক্ষ থেকে রাধাগোবিন্দের দুটি বিগ্রহ মূর্তি নিয়ে গেছেন। সকালে মন্দিরের পুরোহিত তাঁকে ঘটনাটি জানান। এরপরই তিনি বিষয়টি সুধারাম থানার-পুলিশকে অবহিত করেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভির ফুটেজ জব্দ করে নিয়ে যায়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সোমবার সকালে তিনি ঘটনাটি শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।