নোয়াখালীতে সাদ্দাম বাহিনীর প্রধান গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জ থানা-পুলিশের একটি দল গোপালপুর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে ১৮ অক্টোবর প্রথম আলোয় বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার সন্ত্রাসী বাহিনী নিয়ে ‘এক উপজেলাতেই ২১ সন্ত্রাসী বাহিনী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই দিন রাতেই সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে বেগমগঞ্জ থানা-পুলিশ। প্রথম দিনের অভিযানে সন্ত্রাসী সুমন বাহিনী ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রাতে গোপালপুর এলাকা থেকে সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার। প্রথম আলোকে তিনি বলেন, গ্রেপ্তার সাদ্দামকে নিয়ে অভিযানে রয়েছে পুলিশ। অভিযান শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।