
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নিখোঁজের ১১ দিন পর ফেনীর দাগনভূঞায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. খলিল উল্যাহ (৫৬)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে ফেনীর দাগনভূঞা পৌরসভার ফাজিলের ঘাট সড়কের রামানন্দপুর এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে রয়েছে বলে স্থানীয় লোকজন পুলিশকে জানান।
আবুল খায়ের নামে ওই ব্যক্তির একজন স্বজন আজ বুধবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খলিল উল্যাহ গত ১ এপ্রিল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। আজ এক ব্যক্তির ফেসবুকে তাঁর ছবি দেখে মৃত্যুর সংবাদ জানতে পারেন। লাশ নিতে ফেনী জেনারেল হাসপাতালে যান।
পুলিশ খবর পেয়ে ওই স্থানে পৌঁছে ওই অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানায়, স্থানীয় লোকজনের ভাষ্যমতে ওই ব্যক্তিকে গত কয়েক দিন ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন তাঁরা। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটা কেউ দেখেননি। লাশের শরীরে কোনো ধরনের আঘাতের আলামত বা চিহ্ন দেখতে পায়নি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।