পটুয়াখালীতে সাবেক স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে আগুনে পুড়ে ইতি বেগম (২৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মো. আবদুল জলিল (৩২) নামের এক ব্যক্তি ঘুমন্ত ইতির গায়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় বরিশাল থেকে ঢাকায় নেওয়ার পথে আজ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

ইতি বেগম পাঙ্গাশিয়া গ্রামের আবদুল মান্নান খানের মেয়ে। স্বামীর নির্যাতন সইতে না পেরে এক সপ্তাহ আগে ইতি বেগম তাঁর স্বামী আবদুল জলিলকে তালাক দেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ইতি বেগমের বড় ভাই ফারুক খান বলেন, ইতি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কর্মক্ষেত্রে পরিচয়ের সূত্র ধরে প্রায় সাত বছর আগে জলিলের সঙ্গে তাঁর বিয়ে হয়। জলিলের বাড়ি কুষ্টিয়া মিরপুর উপজেলায়। বিয়ের পর স্বামীকে নিয়ে পাঙ্গাশিয়ার গ্রামের বাড়িতে চলে আসেন এবং গ্রামেই সংসার শুরু করেন। এরই মধ্যে তাঁদের একটি ছেলেসন্তান হয়।

ফারুক বলেন, প্রথম দিকে জলিল ভালো ব্যবহার করলেও বছর দুই আগে থেকে জলিল তাঁর বোনের ওপর নানাভাবে নির্যাতন শুরু করেন। এমনকি যৌতুক দাবি করে মারধর করতে থাকেন। একপর্যায়ে স্বামীর অত্যাচার সইতে না পেরে এক সপ্তাহ আগে ইতি জলিলকে তালাক দেন। তবে বিষয়টি বাড়িতে গোপন রাখেন।

এদিকে তিন দিন আগে জলিল তালাকের কপি হাতে পেলে ক্ষুব্ধ হন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ইতি বেগম জীবননাশের হুমকি দেন জলিল।
ফারুকের ভাষ্য অনুযায়ী, তালাকের জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় ইতি বেগমের শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। ইতির চিৎকারে ছুটে আসেন তাঁর মা–বাবা। তাঁদের দেখে জলিল দৌড়ে পালিয়ে যান। পরে বাড়ির অন্য লোকের সহায়তায় ইতিকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে আজ সকাল সাতটার দিকে বরিশাল থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকে জলিল পলাতক রয়েছেন। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, এ ঘটনায় নিহত ইতি বেগমের স্বামী আবদুল জলিলকে অভিযুক্ত করেছে পরিবার। জলিল পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।