
চট্টগ্রাম নগরের সাগরিকা মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাঁদের একজন পথচারী, অন্যজন রিকশাচালক। তবে তাঁদের নাম–পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত ৯টায় নগরের পোর্ট কানেকটিং (পিসি) রোডে এ দুর্ঘটনা ঘটে।
নগরের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দর থেকে একটি কাভার্ড ভ্যান নগরের এ কে খান এলাকায় যাচ্ছিল। সাগরিকা মোড়ে পৌঁছালে কাভার্ড ভ্যানটি প্রথমে একজন পথচারীকে চাপা দেয়। এরপর আরেকটু দূরে একটি রিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই পথচারী ও রিকশাচালক নিহত হন। স্থানীয় লোকজন ধাওয়া দিলে চালক গাড়ি রেখে পালিয়ে যান। পুলিশ গাড়িটি জব্দ করেছে।
ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় কিছুই পাওয়া যায়নি। তাঁদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।