বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ঢেউয়ের ধাক্কায় একটি স্পিডবোটের তলা ফেটে বোটটি ডুবে গেছে। এতে কেউ নিহত হওয়ার খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন তিন যাত্রী। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে পদ্মা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। সকাল ১০টায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন কাঁঠালবাড়ি নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট ও নৌ পুলিশ সূত্র জানায়, আজ সকাল আটটার দিকে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট ১১ জন যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের দিকে রওনা হয়। স্পিডবোটটি পদ্মা সেতুর কাছে এলে ঢেউয়ের ধাক্কায় তলা ফেটে পানি উঠতে শুরু করে। এ সময় যাত্রীরা জীবন বাঁচাতে তাড়াহুড়া ও আতঙ্কের মধ্যে পড়ে আহত হন তিন যাত্রী। দুর্ঘটনার পর খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ও স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন।
নৌ পুলিশ জানায়, শিমুলিয়া থেকে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে বাবু নামের একটি স্পিডবোট বাংলাবাজার যাচ্ছিল। বোটটির চালক ছিলেন মো. উজ্জ্বল। সেতু অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোটের তলা ফেটে যায়।
কাঁঠালবাড়ী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী বলেন, শিমুলিয়া থেকে ছেড়ে আসা বাংলাবাজারগামী একটি স্পিডবোট দুর্ঘটনার কবলে পড়েছে। সকালে পদ্মায় বড় ঢেউ ছিল। ঢেউয়ের ধাক্কায় স্পিডবোটের তলা ফেটে যায়। খবর পেয়ে দ্রুত নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ১১ যাত্রীকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। আপতত কোনো যাত্রী নিখোঁজ নেই। এর সঙ্গে তিনি জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেশি থাকায় গতকাল শুক্রবার থেকে স্পিডবোটে বেশি যাত্রী বহন শুরু করে। বিষয়টি নৌ পুলিশের নজরে পড়লে ব্যবস্থা নেওয়া হচ্ছে।