
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলেদের জালে ২৬ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। উপজেলার বাহির চর দৌলতদিয়ার পদ্মা ও যমুনার মোহনায় মাছটি ধরা পড়ে। ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকায় কিনে নেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মাছটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বাধা ছিল। ফেরিঘাট এলাকার কয়েক মৎস্যজীবী বলেন, প্রতিদিনের মতো গতকাল সোমবার রাতে সঙ্গীদের সঙ্গে নিয়ে মাছ শিকারে বের হন দৌলতদিয়ার আইনদ্দিন প্রামাণিক পাড়ার জেলে মো. ওয়াসেল ব্যাপারী। আজ সকালে বড় বাগাড় মাছটি তাঁর জালে ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য তাঁরা ফেরিঘাট এলাকার বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করতে থাকেন। তাঁরা মাছটি দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়তদার আনোয়ার খাঁর আড়তঘরে নিয়ে যান। সেখানে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন প্রায় ২৬ কেজি। এ সময় নিলামে তোলা হলে মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
চাঁদনী-আরিফা মৎস্য ভান্ডারের মালিক মো. চান্দু মোল্লা বলেন, ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। প্রায় তিন মাস পর এত বড় বাগাড় মাছ জেলেদের জালে ধরা পড়েছে। তবে এর মধ্যে কয়েকটি কাতলা, বোয়াল ও পাঙাশ মাছ পাওয়া গেছে। তিনি বলেন, ‘মাছটি কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা লাভ রেখে বিক্রি করব। এ জন্য ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের পরিচিত মানুষদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছি। আশা করি, দিনের মধ্যে মাছটি ভালো দামে বিক্রি করতে পারব।’
গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, বেশ কিছুদিন পর পদ্মা নদীতে বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পদ্মা নদীর মাছের কদর সব জায়গায়। গত কয়েক মাসে হাতে গোনা কয়েকটি বড় মাছ পাওয়া গিয়েছিল। তবে বাগাড় মাছ অনেক দিন পর পাওয়া গেল।