
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে প্রায় ২১ কেজি ওজনের একটি বাগাড় ধরা পড়েছে। মাছটি আজ রোববার সকালে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় নিলামে তোলা হয়। এ সময় স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি কেনেন।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, উপজেলার ফকির পাড়ার জেলে নিমাই হালদার চারজনকে নিয়ে শনিবার রাতে পদ্মা নদীতে মাছ শিকারে যান। রোববার ভোরের দিকে জাল টেনে নৌকায় তুলতেই দেখেন বড় একটি বাগাড় ধরা পড়েছে।
সকাল ৮টার দিকে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় বিক্রির জন্য মাছটি নিয়ে আসা হয়। এ সময় ওজন পরিমাপ করে দেখা যায় মাছটির ওজন প্রায় ২১ কেজি। পরে নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫ নম্বর ফেরিঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী চান্দু মোল্লা মোট ২৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।
জেলে নিমাই হালদার বলেন, ৭ নম্বর ফেরিঘাটের অদূরে বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার শেষ দিকে পদ্মার মোহনায় বাগাড়টি ধরা পড়ে। অনেক দিন পর এ ধরনের বড় বাগাড় মাছ ধরা পড়ল।
মাছটির ক্রেতা চান্দু মোল্লা বলেন, ঢাকাসহ বিভিন্ন এলাকার পরিচিত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে আলোচনা চলছে। ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে দাম পেলে মাছটি বিক্রি করবেন।