
সম্প্রতি গ্রাহকদের টাকা নিয়ে লাপাত্তা হওয়ার ঘটনায় নরসিংদীর একটি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পরিচালক পদ থেকে অব্যাহতি নেওয়া কামাল হোসেন সিকদারের নামে মামলা হয়েছে। তাঁর পরিবারের দাবি, ছয় বছর আগে পরিচালকের পদ থেকে কামাল হোসেন অব্যাহতি নিলেও তাঁর নামে দুটি প্রতারণা মামলা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে ও মামলা থেকে অব্যাহতির দাবিতে বুধবার দুপুরে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন কামাল হোসেনের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কামালের স্ত্রী রোমা আক্তার। এ সময় তাঁর পাশে ছিল কামালের দুই মেয়ে নাবিবা সিকদার (১৩) ও মাহরীন সিকদার (৮), খালা সোলামা বেগম, ভাতিজা আশরাফুল মৃধা প্রমুখ।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাহকদের প্রায় ২০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার ঘটনায় নরসিংদীতে আলোচিত শাহ সুলতান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত জানিয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রকল্প থেকে মুনাফার প্রলোভন দেখিয়ে জেলার চার উপজেলার কয়েক হাজার গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি। বিনিয়োগের পর আমানত খুইয়ে পথে বসা বেশ কয়েক জন গ্রাহক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মনোহরদী ও পলাশ থানায় দুটি প্রতারণার মামলা করেন। পরে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হলে র্যাব-১১ অভিযান চালিয়ে সদর উপজেলার চিনিশপুর থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজনকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, কামাল হোসেন সিকদার ২০১০ সালে শাহ সুলতান গ্রুপের পরিচালক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে গ্রুপটি গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ ও লেনদেন কার্যক্রম শুরু করে। কিন্তু তাদের লেনদেন কার্যক্রম অসংগতিপূর্ণ হওয়ায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ২০১৫ সালের ১৫ জুন সমিতির প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। ২০১৬ সালের ৩০ ডিসেম্বর গ্রুপটির ২৩তম বোর্ড সভায় তাঁকে পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে ওই গ্রুপের সঙ্গে তাঁর আর কোনো সম্পৃক্ততা ও লেনদেন ছিল না। এ–সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রমাণপত্রও তাঁদের কাছে আছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, কামাল অব্যাহতি নেওয়ার ছয় বছর পর চলতি বছরের শুরুর দিকে গ্রাহকদের প্রায় ২০০ কোটি টাকা নিয়ে শাহ্ সুলতান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির কর্মকর্তারা তাঁদের কার্যালয় বন্ধ করে লাপাত্তা হয়ে যান। এ ঘটনায় নরসিংদীর পলাশ ও মনোহরদীতে পৃথক দুটি অর্থ প্রতারণার মামলা করেন কয়েকজন গ্রাহক। এসব মামলায় প্রতিষ্ঠানটির ২৫ থেকে ২৭ জনকে আসামি করা হয়। পরে গ্রুপের এমডিসহ পাঁচজন আসামি র্যাবের হাতে গ্রেপ্তার হন। দুটি মামলায় আসামি করায় কামাল হোসেন বর্তমানে পলাতক।
কামাল হোসেন সিকদারের স্ত্রী রোমা আক্তার বলেন, ‘আমার স্বামী কামাল হোসেন সিকদার গ্রুপটির কোনো দায়িত্বে না থাকার পরও দুটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে। তাঁকে জড়িয়ে করা এসব মামলা সম্পূর্ণ মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন। এসব মামলার কারণে সুনাম নষ্ট হওয়াসহ পরিবারের সদস্যদের হয়রানির শিকার হতে হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব মামলা থেকে তাঁকে অব্যাহতি দিয়ে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
গ্রাহক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১০ সালে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার একটি মার্কেটের দ্বিতীয় তলায় প্রধান কার্যালয় স্থাপন করে শাহ সুলতান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। সমবায় অধিদপ্তরের অনুমোদিত ও নিয়ন্ত্রিত দাবি করে প্রতিষ্ঠানটি ইসলামি শরিয়াহ মোতাবেক ব্যবসায়িক প্রকল্পের বিনিয়োগের প্রলোভন দেখায় লোকজনকে।
আকর্ষণীয় মুনাফার কথা বলে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ শুরু করে। প্রথম দিকে চুক্তি ও শর্ত অনুযায়ী গ্রাহকদের আকর্ষণীয় মুনাফাও দিতে থাকে প্রতিষ্ঠানটি। এভাবে একে একে শাহ সুলতান টেক্সটাইল মিল, শাহ সুলতান প্রোপার্টিজ, মার্কেটসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে নিজেদের লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দেখানোয় বাড়তে থাকে গ্রাহকসংখ্যা। পরে পর্যায়ক্রমে সদর উপজেলার পাশাপাশি পলাশ, শিবপুর ও মনোহরদী উপজেলাতেও খোলা হয় প্রতিষ্ঠানটির শাখা অফিস।