কুমিল্লা সিটি নির্বাচন

পরোয়ানা ছাড়া কোনো নেতা–কর্মীকে গ্রেপ্তার না করার দাবি নিজামের

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন
ছবি:  প্রথম আলো

আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কোনো নেতা–কর্মীকে গ্রেপ্তার না করার দাবি জানিয়েছেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন ওরফে কায়সার।

একই সঙ্গে আজ মঙ্গলবার দুপুরে সুষ্ঠু নির্বাচনসহ সাত দফা দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে চিঠি দিয়েছেন তিনি। এরপর বেলা তিনটার দিকে নিজাম উদ্দিন নগরের ধর্মসাগরপাড় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে নিজাম উদ্দিন বলেন, প্রধান নির্বাচন কমিশনারের কাছে সাতটি দাবি নিয়ে চিঠি দেওয়া হয়েছে। দাবিগুলো হলো, ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটের ব্যবস্থা করা, ইভিএমের পরিবর্তে ব্যালটে ভোট গ্রহণ, প্রতীক বরাদ্দের আগেই সিটি করপোরেশন এলাকায় কর্মরত পুলিশ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) বদলি, প্রার্থীদের সিসিটিভি ক্যামেরা মনিটরিংয়ের সুযোগ দেওয়া, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া নির্বাচনকালীন কাউকে গ্রেপ্তার না করার নির্দেশনা প্রদান, প্রতীক বরাদ্দের পর নির্বাচন কমিশনের দুই সদস্যের নেতৃত্বে একাধিক দলের কুমিল্লায় অবস্থান নিশ্চিত করা এবং প্রার্থীদের অভিযোগ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ম্যাসেঞ্জারসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে নেওয়ার ব্যবস্থা করা।

মেয়রপ্রার্থী নিজাম উদ্দিন বলেন, কুমিল্লার মানুষ আতঙ্কে আছেন। আচরণবিধি লঙ্ঘন করে কেউ কেউ সংশ্লিষ্ট মেয়র প্রার্থী ও তাঁদের কর্মীদের হুমকি দিচ্ছেন। ঘরোয়া সভায় যাঁরা যান, তাঁদের ডেকে এনে হুমকি দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। আতঙ্ক নয়, উত্সবমুখর পরিবেশে কুমিল্লার মানুষ ভোট দিতে চান। নির্বাচন কমিশনকে সেই ব্যবস্থা করতে হবে।

কুমিল্লা সিটি করপোরেশনে আগামী ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। ২৭ মে প্রতীক বরাদ্দ হবে।