কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট। আজ শুক্রবার বেলা তিনটা। বিপুল পর্যটকে ভরপুর সৈকত। কেউ সমুদ্রের লোনাজলে গোসলে ব্যস্ত, কেউ দ্রুতগতির জলযান ‘জেডস্কি’ নিয়ে ঘুরে দেখছেন দূরের জলরাশি। বালুচরে দৌড়ঝাঁপ হাজারো নারী–পুরুষ–শিশুর। পর্যটকদের আশপাশে ঘুরঘুর করছে কয়েকটি ঘোড়া। কিন্তু কেউ এগুলোতে চড়তে আগ্রহী নয়। তাই ঘোড়ার মালিকদের ব্যবসায় মন্দা।
ঘোড়ায় চড়তে পর্যটকদের অনাগ্রহের কারণ জানতে চাইলে একটি ঘোড়ার চালক আমির হোসেনের (১৫) আক্ষেপ, ঘোড়ার চেহারা দেখে সবাই মুখ ফিরিয়ে নেন, চার-পাঁচ মাস অভুক্ত থেকে ঘোড়াটা দুর্বল হয়ে পড়েছে।
সুগন্ধা পয়েন্টের বালুচরে দুটো ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে ইমাম হোসেন (১৪) ও মো. আদনান (১৩)। ইমাম হোসেন ঘোড়া দুটোর সম্পর্ক তুলে ধরে বলে, বড় ঘোড়াটা মা আর ছোটটা ছেলে। মায়ের বয়স চার বছর আর ছেলের বয়স তিন মাস। টাকা উপার্জন করতে ঘোড়াগুলো সৈকতে আনা হয়েছে। কিন্তু পর্যটকেরা ঘোড়ার পিঠে চড়তে আগ্রহী নয়। সবাই শুধু সমুদ্রে ঝাঁপ দিচ্ছে।
ঘোড়া দুটির মালিক আহসান উল্লাহ নিশান। একটু দূরে দাঁড়িয়ে ছিলেন তিনি। তিনি কক্সবাজার ঘোড়া মালিক সমিতির সভাপতিও। আহসান উল্লাহ প্রথম আলোকে বললেন, সকাল থেকে বিকেল পর্যন্ত দৌড়ঝাঁপ দিয়েও একটি ঘোড়া দিয়ে ৫০০ টাকাও আয় করা যায়নি। ৫০০ টাকায় ঘোড়ার খাদ্য ও কর্মচারীদের বেতন জোগানো সম্ভব নয়।
১৯ আগস্ট থেকে পর্যটকদের জন্য সৈকত উন্মুক্ত করে জেলা প্রশাসন। ওই দিন থেকে সৈকতে নামানো হয়েছে ৩৫টি ঘোড়া। কিন্তু গত দুই দিনে ঘোড়ার ব্যবসা তেমন জমছে না জানিয়ে আহসান উল্লাহ বলেন, গত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত (লকডাউন শুরুর আগের) তিন মাসে প্রতিদিন একটি ঘোড়া থেকে আয় হয়েছে দুই থেকে তিন হাজার টাকা। এখন বিপুল পর্যটকের সমাগম থাকার পরও ৫০০ টাকা আয় হচ্ছে না। প্রতিদিন একটি ঘোড়ার খাদ্য সরবরাহের বিপরীতে খরচ হয় ৩৫০-৪০০ টাকা।
আহসান উল্লাহর ঘোড়া আছে ১৫টি। আজ সৈকতে নামানো হয় ৪টি। বাকি ১১টি ঘোড়া ঘরে। এরই মধ্যে বেশ কয়েকটি ঘোড়া অভুক্ত থাকায় অসুস্থ হয়ে পড়েছে।
সৈকতের সি-গাল পয়েন্টে তিনটি ঘোড়া নামিয়েছেন কক্সবাজার পৌরসভার সমিতির পাড়ার বাসিন্দা মো. আলম। বেলা তিনটা পর্যন্ত একটি ঘোড়া ৩০০ টাকা, আরেকটি ৩৭০ টাকা আয় করেছে। সুগন্ধা পয়েন্ট থেকে সি-গাল পয়েন্ট পর্যন্ত ১ হাজার মিটারের সৈকত ঘোড়ার পিঠে চড়ে একবার চক্কর দিলে পরিশোধ করতে হয় ৫০ টাকা করে।
ঘোড়ার মালিক বলেন, সৈকতে পর্যটকে ভরপুর, অথচ ঘোড়ার পিঠে চড়তে কারও আগ্রহ নেই।
ঢাকার মগবাজার থেকে সৈকত ভ্রমণে আসেন ব্যবসায়ী নাজমুল হক। সঙ্গে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে। এক ছেলে ঘোড়ার পিঠে চড়ার বায়না ধরে। কিন্তু রাজি নন বাবা। নাজমুল হক (৫৫) বললেন, ‘প্রথম আলোসহ বিভিন্ন মাধ্যমে সৈকতের অভুক্ত ঘোড়ার কাহিনি পড়েছি। এখন যেসব ঘোড়া সৈকতে নামানো হয়েছে, সব কটি অসুস্থ ও দুর্বল মনে হচ্ছে। এ রকম ঘোড়ার পিঠে চড়া অমানবিক, কথা বলতে পারে না বলে প্রাণীগুলোর প্রতি মানুষের নিষ্ঠুর আচরণ মেনে নেওয়া যায় না।’
বেলা ১১টার দিকে শহরের বাইপাস সড়কের জেলা কারাগার, পুলিশ লাইনস, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দেখা গেছে, অন্তত পাঁচটি অসুস্থ ঘোড়া খাদ্যের সন্ধানে নেমেছে। ঘোড়াগুলোর পেট খালি। শরীরে নানা আঘাতের চিহ্ন। রাস্তার পাশে ফেলা ময়লা–আবর্জনায় মুখ রাখছে ঘোড়াগুলো।
কিছুদিন ধরে অভুক্ত ঘোড়াগুলোকে খাদ্য সরবরাহ দিয়ে আসছেন শহরের বৈল্লাপাড়ার দুজন তরুণী। তাঁদের একজন নারী উদ্যোক্তা ফাতেমা ইসলাম বলেন, রাস্তাঘাটে পড়ে থাকা ময়লা–আবর্জনা, পলিথিন-প্লাস্টিক খেয়ে ঘোড়াগুলো বাঁচার চেষ্টা করছে, অন্যদিকে অসুস্থ হয়ে মারা যাচ্ছে। যদিও ঘোড়ার খাদ্য ছোলা, ভুসি, ঘাস ইত্যাদি। মানবিক দিক বিবেচনা করে তাঁরা এ পর্যন্ত ৫০টির বেশি ঘোড়াকে খাদ্য সরবরাহ দিয়েছেন।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, এক যুগ ধরে সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের পিঠে চড়িয়ে টাকা উপার্জনের জন্য ঘোড়াগুলো আনা হয়। পিঠে চড়ানোর পাশাপাশি বিভিন্ন শোভাযাত্রা, সিনেমার শুটিং, ঘোড়দৌড় প্রতিযোগিতা, বিয়ে-শাদি, খেলাধুলায় ঘোড়ার ব্যবহার হয়ে আসছে। গত বছরের ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত তিন মাস ঘোড়ার জমজমাট ব্যবসা হয়েছিল। তখন একেকটি ঘোড়া থেকে মাসে লাখ টাকা আয় হয়েছিল। গত ১ এপ্রিল থেকে সৈকতে পর্যটকের সমাগম নিষিদ্ধ হলে ঘোড়াগুলো নিয়ে বিপাকে পড়েন মালিকেরা। এত দিন ঘোড়ার আয় দিয়ে মালিকপক্ষ সংসার চালিয়েছেন। এখন মালিকেরা প্রাণীগুলোকে ঠিকমতো খাবারও দিচ্ছেন না। অপুষ্টিতে ভুগছে অধিকাংশ ঘোড়া। এই ঘোড়া দিয়ে মানুষ টানা অমানবিক হবে।
অভুক্ত ও দুর্বল ঘোড়া দিয়ে মানুষ টানার কারণ জানতে চাইলে ঘোড়া মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদা বেগম বলেন, টাকা উপার্জন সম্ভব না হলে অভুক্ত থেকে সব ঘোড়া মারা যাবে। কারণ, ঘোড়ার খাদ্য সরবরাহ দেওয়ার মতো সক্ষমতা কোনো মালিকের নেই।
ফরিদা বেগম বলেন, বর্তমানে সমিতিভুক্ত ২২ জন মালিকের ৭২টি ঘোড়া আছে। এগুলোর মধ্যে সুস্থ আছে এমন ৩৫টি ঘোড়া সৈকতে নামানো হয়েছে। অবশিষ্ট ঘোড়ার মধ্যে অন্তত ২৬টি অসুস্থ ও দুর্বল। গত দুই মাসে (জুন ও জুলাই) অভুক্ত থেকে মারা গেছে আরও ৫টি ঘোড়া। এর মধ্যে তাঁর দুই ভাইয়ের ৩টি ঘোড়া রয়েছে। এর আগে মারা গেছে অন্তত ৩০টি ঘোড়া। তাঁর নিজের মারা গেছে ৮টি ঘোড়া। এখন আছে ২টি ঘোড়া, সেগুলোও অসুস্থ।