পাংশায় ট্রাক-ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ব্যক্তিগত গাড়িটি
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর পাংশা উপজেলায় ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ব্যক্তিগত গাড়ির চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাবুপাড়া ইউনিয়নের আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই চালকের নাম মাহবুবুর রহমান। তিনি সিরাজগঞ্জ জেলার আমলাপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা শাহীন উদ্দিন প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিল। গাড়িতে কোনো যাত্রী ছিল না। ধারণা করা হচ্ছে, যাত্রী নামিয়ে তিনি ঢাকায় ফিরছিলেন। বাবুপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে প্রায় ৪০০ গজ পূর্ব দিকে আমতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি তরমুজবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ব্যক্তিগত গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি পাশের একটি পুকুরে পড়ে যায়। ব্যক্তিগত গাড়ির চালক ভেতরে আটকা পড়ে নিহত হয়েছেন। পরে গাড়ির ওপরের অংশ কেটে তাঁর লাশ বের করা হয়।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত গাড়ি ও ট্রাকের মধ্যকার সংঘর্ষে ঘটনাস্থলেই ব্যক্তিগত গাড়ির চালক নিহত হয়েছেন। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও ব্যক্তিগত গাড়িটি জব্দ করা হয়েছে।