
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে বাগ্বিতণ্ডার জেরে লাঠির আঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম হাবিবুর রহমান (৪২)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামের আছদ্দর আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী ফয়জুর রহমানকে (৩৫) আটক করেছে পুলিশ। নিহত হাবিবুর ও আটক ফয়জুর হাঁস-মুরগির ব্যবসায়ী। তাঁরা একে অপরের আত্মীয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর ও ফয়জুর দুজনেই গ্রাম থেকে হাঁস-মুরগি কিনে ভোলাগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে বিক্রি করতেন। সম্প্রতি ফয়জুরের কাছ থেকে ৮০০ টাকা ধার নিয়েছিলেন হাবিবুর। গতকাল রাতে পাওনা টাকা ফেরত চান ফয়জুর। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ফয়জুর লাঠি দিয়ে হাবিবুরের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাবিবুরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আজ রোববার বেলা দেড়টার দিকে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ফয়জুর রহমানকে আটক করেছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী বলেন, পাওনা টাকা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নিহত ব৵ক্তির পরিবার থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছে।