মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে আজ শুক্রবার সকাল থেকে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ঢাকা ও আশপাশের বিভিন্ন কর্মস্থল থেকে তাঁরা গ্রামের বাড়ি ফিরছেন। এ কারণে লঞ্চে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে সকালে যাত্রীবাহী বাসের চাপ ছিল না।
আজ সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকাল বাসে ঈদে ঘরমুখো যাত্রীরা পাটুরিয়া ঘাট এলাকায় আসছেন। লঞ্চঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পুরোনো ট্রাক টামির্নাল পর্যন্ত যাত্রীবাহী লোকাল বাসগুলো আসছে। এরপর সেখান থেকে যাত্রীরা হেঁটে বিভিন্ন মালামাল নিয়ে পাটুরিয়া লঞ্চঘাটে যাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন নির্দেশনা দিলেও লঞ্চগুলোতে বেশ হুড়োহুড়ি করে যাত্রীরা উঠছেন।
স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন রাজবাড়ীর পাংশা উপজেলার লোকমান হোসেন। তিনি ঢাকার মালিবাগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। আজ সকাল ৯টার দিকে পাটুরিয়া লঞ্চঘাটে তিনি প্রথম আলোকে বলেন, ‘ভিড় এড়াতে সাহ্রির পরপরই ঢাকা থেকে রওনা দিছি। তারপরও লঞ্চে যাত্রীর অনেক ভীড়।’
পাটুরিয়া লঞ্চ মালিক সমিতি সূত্রে জানা যায়, ঈদে যাত্রীদের মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে পারাপারের জন্য ২১টি লঞ্চ চলছে। এমভি (বড়) ও এমএল (ছোট) লঞ্চ রয়েছে এই নৌপথে। এমভি লঞ্চে ১৮০ জন এবং এমএল লঞ্চে ১২০ জন পর্যন্ত যাত্রী পরিবহন করা যায়।
পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল নন্দী বলেন, ‘আমরা ধারণক্ষমতার বেশি যাত্রী লঞ্চে বহন করছি না। দুয়েকটি লঞ্চে দু-একজন যাত্রী হুড়োহুড়ি করে উঠে পড়লেও তাঁদের লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে।’
এ দিকে সরেজমিনে আরও দেখা গেছে, লঞ্চঘাটের দক্ষিণপাশে একই নৌ চ্যানেল দিয়ে ফেরি ও লঞ্চ চলাচল করছে। এতে ফেরি ও লঞ্চের সংঘর্ষে নৌ দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের পরিবহন পরিদর্শক মো. মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, নৌ চ্যালেনটি বেশ প্রশস্ত হওয়ায় যথেষ্ট জায়গা আছে। এরপরও লঞ্চের সারেং এবং ফেরির মাস্টারদের সতর্কতার সঙ্গে লঞ্চ ও ফেরি চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।