পানছড়িতে কাঁঠালগাছ থেকে পড়ে তরুণের মৃত্যু

খাগড়াছড়ি জেলার মানচিত্র
খাগড়াছড়ি জেলার মানচিত্র

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের অক্ষয়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিবর্তন চাকমা (২২) ওই গ্রামের হানধারা চাকমার ছেলে।

পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সুনাংঙ্গ চাকমা বলেন, আজ সকালে বাড়ি থেকে ৩০০ গজ দূরে পাহাড়ের খাদে একটি কাঁঠালগাছে ওঠেন বিবর্তন চাকমা। অসাবধানতাবশত তিনি গাছটি থেকে পা পিছলে পড়ে যান। পড়ার শব্দ শুনে পাহাড়ের নিচে জমিতে কাজ করা এক কৃষক এগিয়ে আসেন। গুরুতর আহত অবস্থায় তিনিসহ স্থানীয় ব্যক্তিরা বিবর্তন চাকমাকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিদর্শী চাকমা বলেন, গাছ থেকে পড়ে যাওয়া ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন তিনি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।