গত বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত প্রথম আলোর সংবাদ, হাসপাতাল ও পুলিশ সুপারের কার্যালয়ে থাকা হিসাব বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

নেত্রকোনায় পানিতে ডুবে গত বছরের জানুয়ারি থেকে গতকাল শনিবার পর্যন্ত ১ বছর ৫ মাসে অন্তত ১১৪ শিশু পানিতে ডুবে মারা গেছে। এর মধ্যে শুধু গত মাসেই ৬টি উপজেলায় অন্তত ১৯ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। যেসব শিশু মারা গেছে, তাদের বয়স ১৮ মাস থেকে ১১ বছরের মধ্যে।
গত বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত প্রথম আলোর সংবাদ, হাসপাতাল ও পুলিশ সুপারের কার্যালয়ে থাকা হিসাব বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
নেত্রকোনা সিভিল সার্জন মো. সেলিম মিয়া প্রথম আলোকে বলেন, শিশুদের সাঁতার না জানা, তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসাজ্ঞান না থাকা, সচেতনতার অভাবে এ ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটছে।
শিশুদের সাঁতার না জানা, তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসাজ্ঞান না থাকা, সচেতনতার অভাবে এ ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটছে।মো. সেলিম মিয়া, সিভিল সার্জন
সর্বশেষ গতকাল সকালে নেত্রকোনা শহরের সাতপাই রেল কলোনি এলাকার বাসিন্দা সুধারঞ্জন সরকারের ১১ বছরের মেয়ে সঞ্চিতা রানী সরকার পুকুরের পানিতে ডুবে মারা যায়। এর তিন দিন আগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের সাতপাই রেল কলোনির বাসিন্দা রংমিস্ত্রি আনারুলের চার বছরের ছেলে ইউসুফ, কলমাকান্দার বাঘসাত্রা গ্রামের মুখলেছুরের আড়াই বছরের শিশু আবদুল্লাহ, দুর্গাপুরের গাওকান্দিয়া গ্রামের স্কুলশিক্ষক সাইদুল ইসলামের চার বছরের ছেলে মাহিন ও পূর্বধলার মেঘশিমূল গ্রামের মো. আইন উদ্দিনের পঞ্চম শ্রেণিপড়ুয়া মেয়ে পূর্ণিমা পানিতে ডুবে মারা যায়।
বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের জুন ও আগস্ট এবং চলতি বছরের মে মাসে জেলায় পানিতে ডুবে শিশুমৃত্যুর হার সবচেয়ে বেশি। ওই ৩ মাসে ৪৩ জন মারা যায়। এর মধ্যে শুধু গত মাসেই কলমাকান্দায় ৯ জনসহ ১৯ শিশু মারা যায়। উপজেলাভিত্তিক হিসাবে কলমাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলায় মৃত্যুর সংখ্যা বেশি। গত এক বছরে কলমাকান্দায় ২৯, দুর্গাপুরে ১৫ ও পূর্বধলায় ১২ শিশুর মৃত্যু হয়।
কলমাকান্দার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, গত এক মাসে শুধু কলমাকান্দায় ৯ শিশুর মৃত্যু হয়। আর তিনজন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। হাসপাতালে আনার আগেই বেশির ভাগ সময় শিশুদের মৃত্যু হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কেউ ডুবে গেলে তাকে উদ্ধারের পরপর শ্বাস–প্রশ্বাস চালু করার যেসব প্রাথমিক উদ্যোগ আছে, সেগুলো মানুষকে শেখানো। বিভিন্ন সভা–সেমিনারে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তা করা হচ্ছে।
তথ্য বিশ্লেষণ করে আরও জানা যায়, যেসব শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে, তাদের বয়স দেড় থেকে ১১ বছরের মধ্যে। বেশির ভাগ শিশুই বাড়ির সামনে, পেছনে বা পাশের গর্তে জমে থাকা বৃষ্টির পানি, পুকুর, ডোবা (ছোট জলাশয়), নদীতে ডুবে মারা গেছে। এসব মৃত্যুর ঘটনা সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে বেশি হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘরের লোকজন কাজে ব্যস্ত থাকেন। তখন তাঁরা শিশুরা কোথায় খেলছে, অনেক সময় খেয়াল করেন না। আর দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়ে যখন পরিবারের সদস্যরা বিশ্রাম করেন, তখন শিশুরা খেলতে বের হয় আর দুর্ঘটনার শিকার হয়। মারা যাওয়া শিশুদের মধ্যে দরিদ্র পরিবারের শিশু বেশি।
গত ২৫ মে নেত্রকোনায় পানিতে ডুবে মৃত্যুর প্রতিরোধে মতবিনিময় সভা হয়। শহরের কাটলি বঙ্গবন্ধু মোড় এলাকায় বেসরকারি সংস্থা সেরা ও এনএডিপি যৌথভাবে এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রবন্ধে উল্লেখ করা হয়, জেলার ১০টি উপজেলায় গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৮ মাসে ৭২ জন শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।