
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে নিহত লেফটেন্যান্ট কর্নেল এলাহী মনজুর চৌধুরীকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করেছেন তাঁর স্বজন ও শুভানুধ্যায়ীরা। সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যায় ওই স্মরণ সভা হয়। প্রয়াত এলাহী মনজুর চৌধুরীর বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকায়।
সুনামগঞ্জের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন বখতের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, প্রয়াত এলাহী মনজুর চৌধুরীর বড় ভাই আইনজীবী হুমায়ূন মনজুর চৌধুরী, যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক-গীতিকার ইসতিয়াক রুপু, কবি-সমাজকর্মী রেহান উদ্দিন, লেখক সুখেন্দু সেন, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আইনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাবেক ব্যাংক কর্মকর্তা স্নেহাংশু শেখর বর্মণ, কবি কুমার সৌরভ, জেলা বিএনপির সহসভাপতি নাদীর আহমদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এনাম আহমেদ প্রমুখ।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে লেফটেন্যান্ট কর্নেল এলাহী মনজুর চৌধুরী নিহত নিহত।
বক্তারা বলেন, পিলখানায় সেদিন দেশের অন্যান্য দেশপ্রেমী সেনা কর্মকর্তাদের সঙ্গে এলাহী মনজুর চৌধুরীকেও হত্যা করা হয়। তিনি সুনামগঞ্জের সব মহলে একজন ভদ্র-বিনয়ী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ যেমন একজন খাঁটি দেশপ্রেমী সেনা কর্মকর্তাকে হারিয়েছে, তেমনি সুনামগঞ্জবাসী হারিয়েছে তাঁদের এক প্রিয় মানুষকে।