পুলিশ দম্পতিকে বেঁধে মোটরসাইকেল ছিনতাই, এসআই প্রত্যাহার

ছিনতাই
প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়ার পকেটখালি পুলিশ ফাঁড়ির পাশের সড়কে মোটরসাইকেল আরোহী এক পুলিশ দম্পতিকে বেঁধে রেখে মোটরসাইকেলটি ছিনতাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ওই সময় দায়িত্বে অবহেলার কারণে আজ শুক্রবার সন্ধ্যায় ওই পুলিশ ফাঁরির উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল মেজবাহ উদ্দিন স্ত্রী শিরিন সুলতানাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রাজশাহীর বাঘা উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পুঠিয়া-বাঘা সড়ক হয়ে বাগাতিপাড়া থানাধীন পকেটখালি পুলিশ ফাঁড়ির পাশে পৌঁছালে একদল দুর্বৃত্ত সড়কে দড়ি বেঁধে তাঁদের পথ রোধ করে। তাঁদের হাত-পা বেঁধে সড়কের পাশের গমখেতে ফেলে রাখে। এরপর ছিনিয়ে নেওয়া হয় মোটরসাইকেল, স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন। দীর্ঘ সময় পর খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

এ ঘটনায় শিরিন সুলতানা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় মামলা করেন। আজ দুপুরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্ধ্যার সময় পকেটখালি পুলিশ ফাঁড়ির তদারকির দায়িত্বে থাকা বাগাতিপাড়া থানার এসআই মাজহারুল ইসলামকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইনসে পাঠানো হয়।

মামলার বাদী শিরিন সুলতানা বলেন, তাঁর স্বামী মেজবাহ উদ্দিন ২০১৮ সালে পকেটখালি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি রাঙামাটিতে কর্মরত। তাঁদের গ্রামের বাড়ি কুষ্টিয়া। ছুটিতে বাড়ি এসে স্বামী তাঁকে নিয়ে মোটরসাইকেলে করে বৃহস্পতিবার বগুড়াতে গিয়েছিলেন। বগুড়া থেকে ফিরতে রাত হয়ে যায়। তাই তাঁরা বাঘায় আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপনের সিদ্ধান্ত নেন। এ জন্য রওনা হন পুঠিয়া-বাঘা সড়কে। রাত আনুমানিক ১০টার দিকে পকেটখালি পুলিশ ফাঁড়িতে পৌঁছান তাঁরা। সেখানে টহলরত পুলিশ সদস্যদের সঙ্গে তাঁর স্বামী কথাবার্তাও বলেন। তাঁদের কাছে বিদায় নেওয়ার পরপরই দুর্বৃত্তরা পথ রোধ করে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন শিরিন। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের একাধিক দল ছিনতাইকারীদের ধরতে মাঠে আছে।