চট্টগ্রাম সিটি করপোরেশন

পুল সহকারীর সঙ্গে দুর্ব্যবহার, উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা অবরুদ্ধ

এক পুল সহকারীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীকে অবরুদ্ধ করেছেন চালকেরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত প্রায় চার ঘণ্টা তাঁকে সিটি করপোরেশনের সাগরিকা স্টোরে অবরুদ্ধ করে রাখা হয়। পরে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে এবং পুলিশের উপস্থিতিতে মুক্ত হন তিনি।

সিটি করপোরেশনের পুল সহকারী মো. নূর নবী প্রথম আলোকে বলেন, নগরে খাল খননের জন্য পাঁচটি স্থানে দশটি গাড়ি দেওয়া হয়েছিল। সকাল পৌনে ১০টায় আরও চার-পাঁচটি গাড়ি দিতে বলেন মোরশেদুল আলম। কিন্তু গাড়ি ছিল না। বিষয়টি জানালে তিনি ওয়াকিটকিতে গালিগালাজ শুরু করেন। এরপর তিন-চারজনকে সঙ্গে নিয়ে অফিসে এসে হুমকিধমকি দিতে থাকেন। তাঁর আচরণে ক্ষুব্ধ হয়ে চালকেরা বিক্ষোভ শুরু করেন। তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়।

অভিযোগ অস্বীকার করেছেন মোরশেদুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, নগরের ফইল্ল্যাতলী বাজার এলাকায় খাল পরিষ্কারের কাজ চলছে। এ জন্য ময়লা পরিবহনের জন্য চারটি ডাম্প ট্রাক দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে কোনো ট্রাক দেওয়া হয়নি। বিষয়টি জানার জন্য সাগরিকা স্টোরে যান তিনি। এ সময় পুল সহকারী মো. নূর নবী চালকদের ডেকে এনে হইচই শুরু করে দেন। পরে তিনি চলে এসেছেন।

এ বিষয়ে সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম একজন পুল সহকারীর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। এ জন্য ক্ষুব্ধ চালকেরা তাঁকে এক প্রকার ঘেরাও করেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এ সময় যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আকবর আলীও ছিলেন।

মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বর্তমানে দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছেন। তিনি ঢাকা থেকে ফিরলে বিষয়টি আলোচনা করে মীমাংসা করা হবে বলে জানান তিনি।