পৃথক দুটি ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন

কারাগার
প্রতীকী ছবি

সুনামগঞ্জে ধর্ষণ ও অপহরণের অভিযোগে দুটি পৃথক মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা নির্যাতনের শিকার নারী ক্ষতিপূরণ হিসেবে পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে। সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন আজ বুধবার এ রায় দেন।

ধর্ষণ মামলা দুটির রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি নান্টু রায়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের মনির মিয়া (২৪), রুবেল মিয়া (৩০), শামীম মিয়া (২২) ও জেলার ছাতক উপজেলার দিঘলি চানপুর গ্রামের গ্রামের বাসিন্দা রাজন মিয়া (২২)। তবে রায় ঘোষণার সময় মনির মিয়া ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৭ সলের ২০ এপ্রিল রাতে ১৪ বছর বয়সী এক শিশুশিল্পী সুনামগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকায় অপহরণ ও ধর্ষণের শিকার হয়। মেয়েটি সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় গান করে তার গানের ওস্তাদের সঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় বৃষ্টি শুরু হলে পথে কুতুবপুর পয়েন্টে একটি চা-দোকানের খালি ছাপড়া ঘরে আশ্রয় নেন তারা। ওই সময় মনির, রুবেল ও শামীম একটি মাইক্রোবাস নিয়ে গানের ওস্তাদকে মারপিট করে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যান। মাইক্রোবাসের ভেতরে মেয়েটিকে তিনজন ধর্ষণ করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, পথে মাইক্রোবাসটির একটি চাকা নষ্ট হয়ে গেলে তাঁরা মেয়েটিকে নিয়ে হেঁটে পাশের লালপুরবাজারের দিকে রওনা হন। পথে আবারও তাঁকে ধর্ষণ করা হয়। পরে মেয়েটিকে রাস্তায় রেখে যান আসামিরা। খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন ভুক্তভোগীর বাবা থানায় ওই তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় আদালতে আটজন সাক্ষী সাক্ষ্য দেন।

অপর ঘটনাটি জেলার ছাতক উপজেলায়। এই উপজেলার একটি মেয়েকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন ও কুপ্রস্তাব দিতেন রাজন মিয়া। মেয়েটি এ ঘটনা তাঁর পরিবারের কাছে জানালে মা-বাবা তাঁর মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেন।

২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার সময় মেয়েটি ঘর থেকে প্রাকৃতিক কাজ সারতে বের হলে ওত পেতে থাকা রাজন তাঁর মুখ চেপে ধরে পাশের একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এতে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। একপর্যায়ে জ্ঞান ফিরলে মেয়েটি বাড়িতে এসে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। এরপর এ ঘটনায় মেয়েটি রাজন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করে। পুলিশ তদন্ত শেষে রাজন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেয়। এ মামলায় বুধবার রায় দেন আদালত।