‘প্রতিদিন আশায় থাকি আমার ছেলে ফিরবে’

নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ী থেকে পাঁচ বছর আগে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া চার ব্যক্তির সন্ধানে মানববন্ধন করেছেন তাঁদের পরিবার ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে
নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ী থেকে পাঁচ বছর আগে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া চার ব্যক্তির সন্ধানে মানববন্ধন করেছেন তাঁদের পরিবার ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল বাঁশগাড়ী থেকে পাঁচ বছর আগে সবার সামনে চার ব্যক্তিকে তুলে নিয়েছিল পুলিশ। সেই থেকে নিখোঁজ তাঁরা। ওই চারজনই ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা। ঘটনার পাঁচ বছর পূর্তির দিন নিখোঁজদের সন্ধানে মানববন্ধন হয়েছে। নরসিংদী প্রেসক্লাবের সামনে আজ বৃহস্পতিবার দুপুরে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন নিখোঁজ চার ব্যক্তির পরিবারের সদস্যরাসহ দেড় শতাধিক স্থানীয় ব্যক্তি।

নিখোঁজ চারজন হলেন রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সে সময়ের সহসভাপতি রূপ মিয়া, ক্রীড়া সম্পাদক হাবিব মিয়া, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালের ২৬ মে বিকেলে রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে রায়পুরা থানার পুলিশ অভিযান চালায়। পরিবারের সদস্যদের সামনে থেকে রূপ মিয়া, হাবিব মিয়া, আজিজুল ইসলাম ও জাকির হোসেনকে তুলে নিয়ে যায় রায়পুরা থানার পুলিশ। পরে সন্ধ্যা পর্যন্ত তাঁদের আটকে রাখা হয় বাঁশগাড়ী পুলিশ ফাঁড়িতে। সেখান থেকে রাতে থানায় নেওয়া হয় বলে জানানো হলেও পরদিন থানা ও আদালতের কোথাও তাঁদের পাওয়া যায়নি। পুলিশ শত শত মানুষের সামনে থেকে তুলে নেওয়ার পরও পাঁচ বছর ধরে তাঁদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মামলা করতে চাইলেও মামলা নেয়নি পুলিশ।

নিখোঁজ আজিজুল ইসলামের বড় ভাই হারুন মিয়া বলেন, ‘আমার ভাইকে তুলে নেওয়ার পর ওই বছরের নভেম্বরের ২০ তারিখে আমাকেও বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে রাতের আঁধারে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক সড়কের একটি নির্জন স্থানে নিয়ে আমার পায়ে গুলি করে পুলিশ। এরপর তাঁরা নিজেরাই আমাকে হাসপাতালে ভর্তি করে। পরে আমাকে অস্ত্র মামলা দেওয়া হলে আড়াই মাস জেল খেটে কারাগার থেকে বের হই। তবে আমার ভাই কী অবস্থায় আছে জানি না। আমি আমার ভাইয়ের সন্ধান চাই।’

নিখোঁজ রূপ মিয়ার ভাতিজা মাইন উদ্দিন বলেন, ‘নিখোঁজ চাচার খোঁজ নিতে পুলিশের কাছে গেলে তারা উল্টো জানায়, আমরা নাকি তাঁদের কাছ থেকে ওই চারজনকে ছিনিয়ে নিয়েছি। কেন খোঁজখবর নিচ্ছি, সে কারণেও আমাকেও ধরে নিয়ে পায়ে গুলি করেছে। পরে আমাকেও অস্ত্র মামলা দিয়েছে পুলিশ। আনুমানিক চার মাস জেল খেটেছি। যেই অবস্থাতেই থাকুক, আমার চাচাসহ চারজনকে ফেরত চাই আমরা।’

মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন নিখোঁজ আজিজুল ইসলামের মা নুরজাজান বেগম। তিনি বলেন, ‘আজ পাঁচ বছর ধরে আমার ছেলের খোঁজ নাই। প্রতিদিন আশায় থাকি আমার ছেলে ফিরবে। পাঁচ বছর হয়ে গেল, ছেলে তো আর ফেরে না!’ ওই চারজনকে তুলে নেওয়ার বিষয়ে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হককে দায়ী করছেন নিখোঁজ হাবিব মিয়ার বড় ভাই সফিয়ত উল্লাহ। তিনি বলেন, সিরাজুল ও তাঁর সমর্থকেরা মিলে ওই সময় পুলিশকে টাকার মাধ্যমে ম্যানেজ করে এই কাজ করেছিল। এর মধ্যে সিরাজুল মারা গেছেন।

নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে জানতে মুঠোফোনে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। পুরো বিষয়টি শুনে তিনি বলেন, ওই সময় তিনি এখানে ছিলেন না। তাই এ বিষয়ে কিছু বলতে পারছেন না জানিয়ে ফোন কেটে দেন।

নিখোঁজদের বিষয়ে বক্তব্য জানতে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। ঘটনাটি শোনে মুঠোফোনের সংযোগ কেটে দেন তিনি। পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠানকে কল করা হলে বিস্তারিত শুনে বলেন, তিনি একটা সভায় আছেন। পরে এ বিষয়ে কথা বলবেন।