
মুঠোফোনে প্রেমের ফাঁদে ফেলে নরসিংদীর এক তরুণীকে কিশোরগঞ্জে ডেকে এনে ধর্ষণের অভিযোগে কথিত এক প্রেমিককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ (র্যাব)। তাঁর নাম আজহারুল ইসলাম (২২)।
সোমবার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকা থেকে র্যাব-১৪-এর একটি দল আজহারুলকে গ্রেপ্তার করে। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার দনাইল গ্রামের আসাদ মিয়ার ছেলে।
ভুক্তভোগী তরুণীর স্বজনেরা জানিয়েছেন, ৫ এপ্রিল রাতে দনাইল গ্রামের একটি ভুট্টাখেতে নিয়ে রাজন নামের এক বন্ধুর সহযোগিতায় ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন আজহারুল। এ ঘটনায় ৭ এপ্রিল কিশোরগঞ্জ মডেল থানায় আজহারুল ইসলাম ও রাজনকে আসামি করে মামলা করেন ওই তরুণী।
মামলার বরাত দিয়ে কিশোরগঞ্জ র্যাব–১৪ সূত্র জানায়, আজহারুলের সঙ্গে নরসিংদীর ওই তরুণীর মুঠোফোনে পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৫ এপ্রিল আজহারুলের সঙ্গে দেখা করতে নরসিংদী থেকে কিশোরগঞ্জে আসেন ওই তরুণী। কিশোরগঞ্জে এসে দেখেন, আজহারুল সঙ্গে করে তাঁর বন্ধু রাজনকে নিয়ে এসেছেন। তাঁরা প্রথমে ওই তরুণীকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন।
পরে আজহারুল তাঁর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে রাত আনুমানিক ১০টার দিকে দনাইল গ্রামে নিয়ে যান। সেখানে একটি ভুট্টাখেতে নিয়ে রাজনের সহযোগিতায় ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন আজহারুল। পরের দিন সকাল ছয়টার দিকে জামাল মিয়ার বাড়ির সামনে তাঁকে ফেলে রেখে চলে যান। এ ঘটনায় ৭ এপ্রিল কিশোরগঞ্জ মডেল থানায় তাঁদের দুজনকে আসামি করে মামলা করেন ওই তরুণী।
র্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বলেন, গ্রেপ্তার আজহারুলকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অপর আসামি রাজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।