ফতুল্লায় গ্যাসলাইনের ছিদ্র থেকে আগুন, এক পরিবারের চারজন দগ্ধ

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় গ্যাসলাইনের ছিদ্র থেকে অগ্নিকাণ্ডে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ফতুল্লা পাইলট স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (৪০), তাঁর স্ত্রী রোজিনা বেগম (৩৮), তাঁদের দুই ছেলে রোহান (৯) ও রোমান (১৭)।

ফতুল্লা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আলম হোসেন প্রথম আলোকে বলেন, ভোরে ফতুল্লা পাইলট স্কুলের পূর্ব পাশের কাউসার মিয়ার বাড়িতে গ্যাসলাইনের ছিদ্র থেকে আগুন ধরে যায়। সেই আগুন পাশের সেমিপাকা টিনশেড ঘরের ভাড়াটে আনোয়ার হোসেনের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আনোয়ার হোসেনের পরিবারের চারজন দগ্ধ হন। আগুনে ওই ঘরের কিছু জিনিস পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুল খান প্রথম আলোকে বলেন, আগুনে আনোয়ার হোসেনের ১৭ শতাংশ, রোজিনা বেগমের ১৪ শতাংশ, দুই ছেলে রোহানের ৩৫ শতাংশ ও রোমানের ১৭ শতাংশ পুড়ে গেছে।