ফরিদপুরে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে প্রাণ গেল শিশুর

ফরিদপুর জেলার মানচিত্র
ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্মাণাধীন সাততলা ভবনের লিফট স্থাপনের ফাঁকা জায়গা দিয়ে পড়ে আব্বাস নামের আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা দুইটার দিকে ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা টাউন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

মৃত আব্বাস উপজেলার চান্দ্রা ইউনিয়নের মৃত মিজানুর রহমানের ছেলে।

এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত আব্বাসের খালা তাছলি বেগম ভাঙ্গা টাউনের নাফিজ ইমতিয়াজ নামক এক ব্যক্তির বাসায় গৃহকর্মীর কাজ করেন। ছোট বোন ইতি আক্তারের ছেলে আব্বাসকে সঙ্গে নিয়ে তিনি আজ কাজে আসেন। দুপুরের দিকে সবার অজান্তে আব্বাস পার্শ্ববর্তী আকরাম হোসেন নামের এক ব্যবসায়ীর নির্মাণাধীন সাততলা ভবনের লিফটের জন্য রাখা খোলা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পান্না মিয়া বলেন, শিশুটি লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।