
ফরিদপুর শহরের রথখোলা ও সদরের ডিক্রিদার ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় বসবাসরত ৪৩০ জন যৌনকর্মীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের রথখোলা যৌনপল্লিতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা মহিলা সংস্থার আয়োজনে বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তায় দেওয়া এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল এক কেজি পোলাওয়ের চাল, এক কেজি চিনি, ১০০ গ্রাম গুঁড়া দুধ ও এক প্যাকেট সেমাই।
যৌনকর্মীদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন ফরিদপুর মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্লাস্ট ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মণ্ডল, প্রকল্প পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী, প্রোগ্রাম কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা প্রমুখ।
শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মণ্ডল বলেন, কোভিড-১৯ মহামারির কারণে যৌনকর্মীদের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় যৌনকর্মীরা মারাত্মক আর্থিক ও মানবিক সংকটে পড়েছেন। এ অবস্থায় এসেছে ঈদ। ঈদের দিন অন্য সবার মতো তাঁরাও যাতে সেমাই, পোলাও রান্না করে খেতে পারেন, এ জন্য এ ক্ষুদ্র আয়োজন করা হয়েছে।