
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সুলতানপুর হাওরে ধান কাটা নিয়ে ঝগড়ার জেরে হামলায় কৃষক নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহতাব উদ্দিন (৪৫) ও তাঁর ছেলে মামুন (২০) উদ্দিন। তাঁরা কৃষক লিয়াকত আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আজ মঙ্গলবার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
গত ১৬ সেপ্টেম্বর বিকেলে সুলতানপুর হাওরে আউশ ধান কাটা নিয়ে ওই গ্রামের মাহতাব উদ্দিনের সঙ্গে সুলতান মিয়ার কথা-কাটাকাটি হয়। এই ঝগড়ার জেরে বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে লিয়াকত মিয়াকে প্রতিপক্ষের কয়েকজন লাঠি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।
পরে লিয়াকতকে আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
লিয়াকত আলী (৬০) হত্যা মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন ও তাঁর ছেলে মামুন উদ্দিনকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, ঘটনার পরদিন মাহতাব ও তাঁর ছেলে মামুনকে আসামি করে থানায় মামলা করা হয়। তবে ঘটনার পর দুজন গা-ঢাকা দেন। গতকাল মধ্যরাতে ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান ও নুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কুলাউড়া থানা-পুলিশের সহায়তায় ওই দুজনকে গ্রেপ্তার করে।