
ফেনীতে নতুন করে ১৬ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন পৌর কাউন্সিলর, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী এবং পরিবহনমালিক নেতা রয়েছেন।
ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ১৭৫ জন। এর মধ্যে ৩ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৫৯ জন। ৭ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ৬ জন ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ১০০ জন স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে দাগনভূঞা উপজেলার ১৫ জন ও ফেনী সদর উপজেলার একজন। দাগনভূঞায় ১৫ জনের মধ্যে একজন পৌর কাউন্সিলর ও তাঁর স্ত্রী, একজন পরিবহনমালিক ও তাঁর স্ত্রী, উপজেলা পর্যায়ের একজন গণমাধ্যমকর্মী এবং একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তাঁদের প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।