
মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে পায়ের চাপায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে অজ্ঞাত দুজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আরামকাঠি এলাকার আবদুল জব্বারের ছেলে শরিফুল ইসলাম (২৭) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পদ্মবিলা এলাকার মজিবর রহমানের স্ত্রী শিল্পী বেগম (৪০)।
শরিফুল ইসলাম সাভারের একটি কাঠের ফার্নিচারের দোকানে কাজ করতেন। আর শিল্পী বেগম ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। দুজনই ঈদ করতে গ্রামের বাড়িতে ফিরছিলেন।
আজ বৃহস্পতিবার সকালে নৌ–পুলিশ এই দুজনের পরিচয় নিশ্চিত করে। পরে বেলা ১১টার দিকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
এর আগে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ছেড়ে আসা শাহ্ পরান ফেরিতে পায়ের চাপায় মারা যায় আনচুর মাদবর (১৫)। একই দিন বেলা একটার দিকে শিমুলিয়া থেকে প্রায় তিন হাজার যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরি এনায়েতপুরী। অতিরিক্ত যাত্রী বহনের কারণে ওই ফেরিতে গাদাগাদি অবস্থার সৃষ্টি হয়। ফেরি থেকে নামতে গিয়ে যাত্রীদের চাপে ও পদদলিত হয়ে মারা যান চারজন।
চরজানাজাত নৌ–পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘সকালে আমরা অজ্ঞাত নারী ও পুরুষের পরিচয় নিশ্চিত করি। পরে নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে আমরা তাঁদের মরদেহ হস্তান্তর করি। নিহত ওই দুজনই ঢাকা থেকে ঈদ করতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।’