ফ্রান্সে দুর্বৃত্তদের হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

ফ্রান্সে দুর্বৃত্তদের হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি সোহেল রানা
ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্যারিসে দুর্বৃত্তদের হামলায় আহত এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সোহেল রানার (৩৫) বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামে।

নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোহেল রানার তিন বছরের একটি সন্তান আছে। স্ত্রী, সন্তানসহ তিনি প্যারিসের নিকটবর্তী লাকর্নভ এলাকায় করতেন। প্যারিসের একটি রেস্টুরেন্টে রাতের শিফটে কাজ করতেন তিনি। কাজ শেষে গত শনিবার ভোর পাঁচটার দিকে তিনি রেস্টুরেন্ট থেকে বাড়িতে ফেরার উদ্দেশ্যে বের হন। এ সময় রেস্টুরেন্টের সামনে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সোহেল রানার চাচাতো ভাই আরশাদ আকাশ আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সোহেল রানা একজন সহজ-সরল মানুষ ছিলেন। কারও সঙ্গে তাঁর বিরোধ থাকার কথা নয়। ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা হয়েছে বলে তাঁদের ধারণা। এ ঘটনায় রেস্টুরেন্টের মালিক বাদী হয়ে মামলা করেছেন। বাংলাদেশ দূতাবাসও এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। ময়নাতদন্তের পর আগামী সোম অথবা মঙ্গলবার তাঁর মরদেহ দেশে আসতে পারে।