বগুড়ায় ট্রাকচাপায় চালকের সহকারী নিহত

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত চালকের সহকারীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন
ছবি: প্রথম আলো

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের চাপায় অন্য আরেকটি ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাতটায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের সহকারীর নাম আলমগীর হোসেন (২২)। তাঁর বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর নয়াপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে রডবোঝাই ট্রাক রংপুরে যাচ্ছিল। আলমগীর হোসেন ওই ট্রাকের চালকের সহকারী ছিলেন। ট্রাকটি মহিপুর বাজারের পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকটির পেছনের চাকায় আটকে যাওয়া পাথর সরাচ্ছিলেন আলমগীর। তখন ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী পোলট্রি খাদ্যবাহী একটি ট্রাক পেছন থেকে চালকের সহকারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন মারা যান। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

রডবোঝাই ট্রাকের চালক মো. নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, ট্রাকের ডান পাশের চাকাগুলো দেখার সময় পেছন থেকে পোলট্রির খাদ্যবোঝাই ট্রাকটি তাঁর ট্রাকের পেছন দিকে ধাক্কা দেয় এবং তাঁর সহকারীকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসান হাবীব প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরপরই মহাসড়ক থেকে পোলট্রির খাদ্যবোঝাই ট্রাকের চালক মো. সুমনকে (৩৭) আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক পুলিশ জব্দ করেছে। ট্রাকচালকের সহকারীর লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ কে এম বানিউল আনাম বলেন, নিহত ব্যক্তির স্বজনদের দুর্ঘটনার খবর জানানো হয়েছে। স্বজনেরা এলে লাশটি তাঁদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।