বগুড়া সদর উপজেলা আ.লীগের নেতৃত্বে পুরোনোরাই, সম্মেলন বর্জন একাংশের

আবু সুফিয়ান (বাঁয়ে) ও মাফুজুল ইসলাম
ছবি: প্রথম আলো

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আবারও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করা হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানকে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মাফুজুল ইসলামকে।

মঙ্গলবার বিকেলে উপজেলার পল্লীমঙ্গল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল পর্ব শুরু হয়। এতে কাউন্সিলর তালিকা ছাড়াই নামকাওয়াস্তে সম্মেলনের আয়োজন করে পুরোনো নেতৃত্বকে বৈধতা দেওয়ার অভিযোগ তুলে অধিবেশন বর্জন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান ও তাঁর অনুসারীরা। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। তাঁরা দুজনই ২০১৩ সাল থেকে নেতৃত্বে আছেন।

দলের একাংশের নেতাদের অভিযোগ, উপজেলা সম্মেলনের আগে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পুনর্গঠনের বিধান রয়েছে। কিন্তু পুরোনো নেতাদের নেতৃত্বে রাখতে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোয় সম্মেলন না করে তড়িঘড়ি করে সম্মেলনের আয়োজন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আলাদা দুটি পক্ষের পাল্টাপাল্টি সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি সদর উপজেলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়। শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল হাটে একটি, অন্যটি মাটিডালী বিমান মোড়ে অনুষ্ঠিত হয়েছিল। শাখারিয়ায় আয়োজিত সম্মেলন থেকে একটি পক্ষ আবু সুফিয়ানকে সভাপতি ও মাফুজুল ইসলাম সাধারণ সম্পাদক ঘোষণা দেয়। অন্যদিকে মাটিডালী বিমান মোড়ের সম্মেলনে সহিদুল ইসলামকে সভাপতি ও কাওসার আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। তবে জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি (পরে প্রয়াত) মমতাজ উদ্দিনের নিকটাত্মীয় হওয়ায় সুফিয়ান-মাফুজুলের কমিটি শেষ পর্যন্ত অনুমোদন পায়। অভিযোগ আছে, ওই বারও ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি পুনর্গঠন ছাড়াই সম্মেলন করা হয়েছিল।

পুরোনোদের নেতৃত্বে রাখার সিদ্ধান্তে একাংশ ক্ষুব্ধ হলেও জেলা কমিটির অন্য অংশটি স্বাগত জানিয়েছে। জেলা সভাপতি মজিবর রহমানের অনুসারীদের ভাষ্য, আবু সুফিয়ান ও মাফুজুল ইসলামের নেতৃত্বে দল চাঙা হয়েছে। তবে সাধারণ সম্পাদক রাগেবুল আহসানের অনুসারীদের ভাষ্য, ২০০৪ সালের পর থেকে সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও ৯৯টি ওয়ার্ডে সম্মেলন হয়নি। নেতৃত্ব কুক্ষিগত করতে এবারও সম্মেলন না করেই উপজেলার সম্মেলন করা হয়েছে। এতে দলে আরও বিভেদ বাড়বে।

দলীয় সূত্রে জানা গেছে, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সম্মেলন শেষে নিয়মমাফিক সর্বশেষ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৪ সালে। ওই সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত হায়দার আলী সভাপতি ও গোলাম রব্বানী খান সাধারণ সম্পাদক হন।

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। মঙ্গলবার বিকেলে উপজেলার পল্লীমঙ্গল উচ্চবিদ্যালয় মাঠে

এবারের সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সহিদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, চলতি বছরের ৩০ মার্চ ও ২৪ মে দুই দফা সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন না হওয়ায় সেই সম্মেলন অনুষ্ঠিত হয়নি। পরে সাবগ্রাম ইউনিয়ন কমিটির সম্মেলন হয়। রাজাপুর ইউনিয়নে সম্মেলন হলেও কমিটি হয়নি। আর গোকুল ইউনিয়নের সম্মেলনে সহিংসতার পর পকেট কমিটি করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত একটি ইউনিয়ন ও পাঁচটি ওয়ার্ডে সম্মেলন হয়েছে।

সহিদুল ইসলামের অভিযোগ, পদ ধরে রাখতে তড়িঘড়ি করে শহর থেকে দূরে সভাপতির বাড়ির কাছে পল্লীমঙ্গল বিদ্যালয়ে নিয়মরক্ষার সম্মেলনের আয়োজন করা হয়। ১২ মে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে ১১টি ইউনিয়ন ও ৯৯টি ওয়ার্ডের সম্মেলন শেষ করে শহরের মধ্যে সম্মেলনের আয়োজনের আবেদন করা হয়। কিন্তু সেই আবেদন আমলে না নেওয়ায় লোক দেখানো এ সম্মেলনের বৈধতা দেওয়া হয়েছে।

কাউন্সিল পর্ব বর্জনের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বলেন, সদর উপজেলা সম্মেলন নিয়ে যা হয়েছে, এসব অনিয়ম ও অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের বিষয়ে দলীয় ফোরামেই তুলে ধরব। এ নিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে চাই না।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বলেন, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলার সাধারণ সম্পাদকের কাছে কেন্দ্রীয় নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব করতে বলেছিলেন। কিন্তু তিনি নাম না দিয়েই সম্মেলন ত্যাগ করেন। পুরোনোদের নেতৃত্ব দেওয়ার বিষয়ে তিনি বলেন, মূলত তাঁদের জনপ্রিয়তার বিপরীতে অন্য কেউ প্রতিদ্বন্দ্বী হতে চাননি। সে জন্য আবার তাঁরা নেতৃত্বে এসেছেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান। আবু সুফিয়ানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফারাজী প্রমুখ।