বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক
ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, যত সময়ই লাগুক না কেন, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যাঁরা বিদেশে আছেন, তাঁদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। তাঁদের ধরে আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’

জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে শুক্রবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। শুক্রবার উপজেলা আওয়ামী লীগ জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল সভার আয়োজন করেন।

অনুষ্ঠানের শুরুতে আইনমন্ত্রী আওয়ামী লীগকে গণতান্ত্রিক দল হিসেবে আখ্যায়িত করেন। তবে এ সময় নেতা-কর্মীদের পরনে কালো ব্যাজ না থাকায় দুঃখ প্রকাশ করেন। পরে তিনি সার্বক্ষণিকভাবে কালো ব্যাজ ধারণের জন্য দলের নেতা–কর্মীদের নির্দেশ দেন।

ওই সভায় আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, ১৫ আগস্টকে সামনে রেখে শুধু শোক পালন করলে চলবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, আওয়ামী লীগ নেতা গোলাম সামদানী, আতাউর রহমান, আবদুল মমিন, মো. জালাল উদ্দিন, আবুল হাসেম, খোকন খান, মুজিবুর রহমান, মো. মজনু মিয়া, আলমগীর ভূঁইয়া, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য দেন। সভায় দোয়া পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম।

এ সময় ১৫ আগস্ট উপলক্ষে প্রচলিত নিয়ম অনুসারে কাঙ্গালিভোজ না করার পরামর্শ দেন মন্ত্রী। করোনাভাইরাসের কারণে এটা না করে কর্মহীন হয়ে পড়া সেলুন ও চায়ের দোকানের কর্মীদের খাদ্যসহায়তা দেওয়ার কথা বলেন তিনি।