বঙ্গবন্ধু সেতু: ২৪ ঘণ্টায় প্রায় ৩৪ হাজার যানবাহন পারাপার

বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা
ফাইল ছবি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট সৃষ্টি হয়নি। বৃহস্পতিবার অফিস শেষে ঈদের ছুটি শুরু হওয়ায় রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে।

বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৩৩ হাজার ৭৩৪ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এই সেতু হয়ে ২৫ হাজার ৪৫০টি যানবাহন পারাপার হয়।

শুক্রবার সকালে মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাস থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের গোলচত্বর এলাকা পর্যন্ত ঘুরে কোথাও যানজট দেখা যায়নি। তবে যানবাহনের চাপ ছিল আগের দিনের তুলনায় অনেক বেশি। সেতু এলাকায় কিছুটা ধীরগতিতে চলছিল যানবাহন।

পুলিশ সূত্র জানায়, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়ক দুই লেনের। যানবাহনের চাপ বৃদ্ধি পেলে সড়কটি একমুখী করে দেওয়া হবে।

উত্তরবঙ্গগামী যানবাহন এই সড়ক হয়ে সেতু পর্যন্ত যাবে। অন্যদিকে সেতু পার হয়ে ঢাকামুখী যানবাহন বিকল্প সড়ক ভূঞাপুর হয়ে এলেঙ্গা আসবে।

শুক্রবার মহাসড়ক সরেজমিন পরিদর্শনে আসেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নূর-ই-আলম মিনা। তিনি কালিহাতী উপজেলার এলেঙ্গাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘পুলিশের সমন্বিত প্রচেষ্টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এখনো যানজট হয়নি। আশা করি অন্য যেকোনোবারের তুলনায় এবার স্বস্তিতে মানুষ বাড়ি ফিরতে পারবে। মহাসড়কে আমাদের পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন এবং ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যানবাহন উভয়ের চাপ বেড়েছে।

তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের কোথাও কোনো যানবাহনের জটলা নেই।