
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি ১৮ হাজার টাকায় শনিবার রাতে বিক্রি হয়ে যায়।
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জেলে মোহাম্মদ লালুর বড়শিতে গতকাল শনিবার বিকেলে মাছটি ধরা পড়ে। পরে মাছটি টেকনাফ পৌরসভার বাসস্টেশন মাছের বাজারে ১৮ হাজার টাকায় কিনে নেন সদর ইউনিয়নের হাজমপাড়ার ব্যবসায়ী শাহ জালাল।
জেলে মোহাম্মদ লালু বলেন, নাফ নদীতে ছোট নৌকায় করে গতকাল বিকেলে বড়শি ফেলেন মাছ ধরার জন্য। এক ঘণ্টা পর তিনি বড়শি টেনে তোলার চেষ্টা করেন। বড়শিটি বেশ ভারী মনে হলে নৌকাটি তীরে এনে তারপর আবার বড়শি টানতে থাকেন। একপর্যায়ে দেখেন বড় একটি কোরাল আটকা পড়েছে।
মাছ ব্যবসায়ী শাহ জালাল বলেন, জেলে মোহাম্মদ লালুর কাছ থেকে ২০ কেজি ওজনের কোরাল মাছটি ১৮ হাজার টাকায় তিনি কেনেন। প্রতিকেজি ১ হাজার ২০০ টাকা করে দাম চান। তবে অনেকেই প্রতিকেজি ১ হাজার টাকা করে দাম করেন। পরে ভালো দামের আশায় মাছটি বিক্রি না করে ফিশারিজে রেখে দেন। আজ রোববার বিকেলে প্রতিকেজি ১ হাজার ২০০ টাকা দরে কেটে বিক্রি করবেন।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো দেলোয়ার হোসেন বলেন, নাফের কোরাল সুস্বাদু। কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এমন বড় কোরাল পাওয়া যাচ্ছে।