বনভোজনের ট্রলি খাদে পড়ে দুজন নিহত হওয়ার ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

শেরপুরের শ্রীবরদীতে বনভোজন থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে পড়ে দুজন নিহত হওয়ার ঘটনায় ট্রলিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্ঘটনায় নিহত ইসমাইল হোসেনের বড় ভাই মো. ইউনুছ আলী বাদী হয়ে ট্রলিচালক জুয়েল মিয়ার বিরুদ্ধে আজ বুধবার সকালে শ্রীবরদী থানায় ওই মামলা করেন।

বুধবার শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাশিম ট্রলিচালক জুয়েল মিয়ার বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে ট্রলিচালক জুয়েল পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।

শ্রীবরদী থানার পরিদর্শক আবুল হাশিম আরও বলেন, দুর্ঘটনায় নিহত মো. সাইদুল ও ইসমাইল হোসেনের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। লাশ বর্তমানে জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার খড়িয়া গ্রামের একদল তরুণ বনভোজন করতে মঙ্গলবার দুপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিতে ঝিনাইগাতীর গারো পাহাড়ের গজনী অবকাশ কেন্দ্রে যান। বনভোজন শেষে তাঁরা ওই ট্রলিতেই বাড়িতে ফিরছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীবরদী-লঙ্গরপাড়া সড়কের শ্রীবরদী পৌরসভার কলাকান্দা সেতু এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে খাদে পড়ে যায়। এতে ট্রলিতে থাকা ২ জন নিহত ও ১৩ জন আহত হন।

এ দুর্ঘটনায় নিহত দুজন হলেন উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের পূর্বখড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সাইদুল (১৮) ও আবু তালেবের ছেলে ইসমাইল হোসেন (১৮)।

এ নিয়ে বুধবারের প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘শ্রীবরদীতে বনভোজনের ট্রলি খাদে, নিহত ২’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।