
প্রচণ্ড ঢেউ আর বাতাসের তোড়ে বন্যায় প্লাবিত ঘরে থাকা মুশকিল হয়ে পড়েছিল। উপায় না পেয়ে জলফু মিয়া (৪২) পরিবারের সবাইকে নিয়ে আশ্রয় নেন একই এলাকায় বড় ভাই আলফু মিয়ার (৫০) বাড়িতে। ছয় দিন পর নৌকায় করে হাওরপাড়ে নিজের বাড়িটি দেখতে গিয়েছিলেন জলফু। অবস্থা দেখে তাঁর মাথায় হাত। পূর্বমুখী ঘরটির বেড়ার নিচের অংশ হাওরের ঢেউয়ে তছনছ হয়ে গেছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের নাইন্দা হাওরের পশ্চিম পাড়ে জলফু মিয়ার বাড়ি। হাওর পাড়ি দিয়ে গতকাল রোববার দুপুরে তেগাঙ্গা গ্রামে গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। ক্ষতিগ্রস্ত ঘর দেখিয়ে তিনি বলেন, ‘বন্যার পানিত আগে ধান গেছে, এখন ঘরও নষ্ট অইছে। বউ-বাচ্চা নিয়া কোথাই থাকতাম আর কিতা খাইতাম, অউ চিন্তায় রাইত ঘুম অয় না। আমার সব শেষ অই গিছে।’
টিনের ছাউনির ঘরটির তিন দিকে টিন আর সামনের দিকে আড়ার বেড়া। ঘরের ভেতরে কোনো আসবাব নেই। জলফু জানালেন, যেদিন পাহাড়ি ঢল এসে পানি বাড়তে থাকে, সেদিনও পরিবারের সবাইকে নিয়ে বাড়িতেই ছিলেন। রাতে ঘরে পানি ঢোকে। এরপর শুরু হয় প্রচণ্ড ঢেউ। অবস্থা বেগতিক দেখে রাতেই তাঁর ভাই একটি নৌকা নিয়ে এসে সবাইকে সেখান থেকে সরিয়ে নেন। তিন ছেলে, দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে এখনো ভাইয়ের বাড়িতেই আছেন। এখন ঘর সংস্কার করতে হলে বাঁশ, টিন লাগবে। ক্ষতিগ্রস্ত ভিটা ঠিক করতে প্রয়োজন মাটির। তাই শুকনো মৌসুম ছাড়া তা সম্ভব নয়। আগামী পাঁচ মাস অন্যের বাড়িতেই পরিবার নিয়ে কাটাতে হবে তাঁকে।
জলফু মিয়ার সঙ্গে আলাপে জানা গেল, হাওরে চার কিয়ার (৩০ শতকে এক কিয়ার) জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন তিনি। বন্যার পানিতে সব তলিয়ে গেছে। বোরো ধান আর হাওরে মাছ ধরেই সংসার চলে তাঁর। এখন ধান নেই, ঘরও গেছে—সব মিলিয়ে তিনি নিঃস্ব। জলফু বলেন, ‘হাতে কোনো টাকাপয়সা নাই। ঘর ঠিক করার আগে ত খাইত অইব, চলতে অইব। এখন চলাই দায়।’
বন্যায় আলফু মিয়ারও ভিটেবাড়ির ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে তাঁর কিছু বোরো ধানও। নিজের অবস্থাই ভালো নয়। এখন ভাইয়ের পরিবারও আশ্রয় নিয়েছে তাঁর বাড়িতে। আলফু বলেন, ‘আমরা গরিব মানুষ। সরকারি সাহায্য ছাড়া কিলা ঘর ঠিক করমু, আর কিলা খাইয়া বাঁচমু? আমরার সাহায্য দরকার।’
গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তেগাঙ্গা গ্রামে ৬০টির মতো পরিবার আছে। এর মধ্যে ১৫ থেকে ২০টি ঘর বন্যার পানিতে প্লাবিত হয়েছিল। প্রায় সব বাড়িঘরের উঠানেই ছিল বন্যার পানি। দুই দিন থেকে পানি কমায় মানুষের বাড়িঘর থেকে পানি নামছে।
গ্রামের বাসিন্দা আবদুল মনাফের (৬৫) বাড়িতে গিয়ে উঠান, ঘরের বেড়ায় বন্যার পানির চিহ্ন দেখা যায়। হাওরের ঢেউ থেকে ঘর রক্ষা করতে তিন দিকে কচুরিপানা দিয়ে স্তূপ করে রাখা। এখন পানি নামলেও বন্যার ক্ষত রয়ে গেছে। আবদুল মনাফ বলেন, ‘ঘরের ধান পানিতে নষ্ট অইছে। কোনো কাজকাম নাই। পানির মাঝে বন্দী অইয়া আছি। কেউ কোনো সাহায্য দিচ্ছে না।’ গ্রামের আরেক কৃষক আবদুল আজিজের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর টিনের ঘরটি একেবারে মাটির সঙ্গে মেশানো। বন্যার সময় ঝড়ে ঘরটি ধসে পড়েছে। এখন পরিবার নিয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নিয়েছেন।
এই গ্রামে গতকাল দুপুর পর্যন্ত কোনো ত্রাণসহায়তা পৌঁছায়নি। তবে বিকেলে গ্রামের ৫৬টি পরিবারকে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ওই গ্রামে গিয়ে ত্রাণ বিতরণ করেন। তবে স্থানীয় লোকজন বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ প্রয়োজনের তুলনায় ত্রাণ পাচ্ছেন কম।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, দোয়ারাবাজারে সুরমা ও সদর ইউনিয়ন শতভাগ বন্যাকবলিত ছিল। উপজেলায় এ পর্যন্ত ৭ হাজার পরিবারের মধ্যে ৩৫ মেট্রিক টন চাল, প্রধানমন্ত্রী মানবিক সহায়তা ১ হাজার বস্তা, ২ লাখ টাকার শুকনো খাবার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে জনপ্রতিনিধিরা সহায়তা বিতরণ করছেন।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেছেন, সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থতির উন্নতি হচ্ছে। নদী ও হাওরে পানি কমছে। মানুষের বাড়িঘর, রাস্তাঘাট থেকে পানি নামছে। বন্যার্তদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। ত্রাণের কোনো সংকট নেই।