গত ১৬ মে থেকে আটা বিক্রি বন্ধ করে দিয়েছে খাদ্য অধিদপ্তর। খোলাবাজারে প্রতি কেজি আটা ১৮ টাকায় বিক্রি হচ্ছিল। বাজারে এর দাম ৪০ টাকা।

বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় খোলাবাজারে (ওএমএস) মানুষের ভিড় দিন দিন বেড়েই চলেছে। চাহিদার তুলনায় চাল বরাদ্দ কম থাকায় অনেকে ফিরছেন খালি হাতে। পাশাপাশি আটার বরাদ্দ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া, হলপাড়া, গোধূলি বাজার, সরকারপাড়া, ফকিরপাড়া এলাকার ওএমএস বিক্রয়কেন্দ্রে এমন পরিস্থিতি দেখা গেছে। এ সময় প্রতিটি কেন্দ্রে পণ্য কিনতে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। সারি ঠিক করা নিয়ে প্রায়ই ঝগড়া চলছে বিক্রেতার লোকজন ও ক্রেতাদের মধে৵।
সকাল ১০টার দিকে কোকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন খালপাড়া মহল্লার আসমা বেগম (৪৯)। তিনি বলেন, এখানে প্রতিদিনই মানুষের ভিড় বাড়ছে। দেরিতে গেলে চাল পাওয়া যাবে কিনা ভেবে ভোরে এসে জায়গা দখল করতে হচ্ছে। দেরিতে এলেই আর চাল পাওয়া যায় না। বাজার থেকে কম দামে চাল পান বলে এত কষ্ট করে এখানে এসে লাইনে দাঁড়ান।
শহরের বেলতলী এলাকার বৃদ্ধ রওশন বেগম মানুষের বাসায় কাজ করে সংসার চালান। তিনি বলেন, ‘দিন দিন খরচ বাড়েই। কিন্তু কামাই তো বাড়ে না। লাইন থেকে আটা-চাল কিনে বাঁচে আছি। এখন আবার আটা বন্ধ। বাজার থেকে আটা কিনতে গেলে বেশি খরচ হয়ে যাচ্ছে।’
বেলা ১১টার দিকে হলপাড়া বিক্রয়কেন্দ্রে কথা হয় রিকশাচালক সনাতন রায়ের (৫৪) সঙ্গে। দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চাল কিনতে পারেননি তিনি। ফেরার পথে তিনি বলেন, ‘পাঁচ সের চাল কিনতে লাইনে দাঁড়ায় ছিলাম। কিন্তু যখন আমার সময় আসল, তখন দোকানের চাল শেষ। চালের আশায় থেকে এক বেলা কামাই শেষ হয়ে গেল।’
ক্রেতারা বলছেন, খুচরা বাজারে এক কেজি মোটা চাল কিনতে এখন গুনতে হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। আর খোলাবাজারে প্রতি কেজি চাল ৩০ টাকায় মিলছে। তবে গত ১৬ মে থেকে আটা বিক্রি বন্ধ করে দিয়েছে খাদ্য অধিদপ্তর। ওএমএসে প্রতি কেজি আটা ১৮ টাকায় বিক্রি হচ্ছিল। আর বাজারে এখন খোলা আটা বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, ঠাকুরগাঁও পৌর এলাকার ১২টি ওয়ার্ডে ২৪টি ওএমএসের বিক্রয়কেন্দ্র রয়েছে। সপ্তাহের ছয় দিন (সরকারি ছুটির দিন ছাড়া) ২৪ জন পরিবেশকের (ডিলার) মাধ্যমে এসব চাল বিক্রি করা হয়। প্রতিদিন একজন পরিবেশকের জন্য ২৫০ কেজি করে মোট ৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল কিনতে পারেন। তবে চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় পরিবেশকেরা ক্রেতাদের কাছে পাঁচ কেজির চেয়ে কম চাল বিক্রি করছেন।
পৌর শহরের আশ্রমপাড়া এলাকার ওএমএস পরিবেশক নুরুল ইসলাম বলেন, প্রতে৵ক ক্রেতাকে ৫ কেজি করে চাল দিলে ৫০ জনকে দেওয়া যাবে। কিন্তু প্রতিদিন দেড় থেকে দুই শতাধিক মানুষ এখানে জড়ো হন। তাই সবার চাহিদা অনুযায়ী চাল দিতে পারছেন না। এ সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
ফকিরপাড়া এলাকার পরিবেশক শেখ দবির বলেন, আগে চালের পাশাপাশি আটা বিক্রি হতো। কিন্তু এখন আটা বিক্রি বন্ধ আছে। প্রতিদিনই মানুষজন আটার খোঁজ নিচ্ছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল ইসলাম বলেন, ওএসএসের চাল-আটার বরাদ্দ সরাসরি মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রিত হয়। বরাদ্দ বাড়ানো-কমানোর বিষয়টি তাঁদের হাতে নেই। আর আটা বরাদ্দের বিষয়টি আলোচনায় আছে। অনুমতি পেলেই আবার বিক্রয়কেন্দ্রে আটা বিক্রি শুরু হবে।